সাহিত্যিক, সাংবাদিক শিল্পীদের সঙ্গে বঙ্গবন্ধুর দুই কন্যার আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনে গতকাল কবি-সাহিত্যিক, শিল্পী, গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তি ও বুদ্ধিজীবীদের সম্মানে আয়োজিত চা-চক্র অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাসস
গণভবনে গতকাল কবি-সাহিত্যিক, শিল্পী, গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তি ও বুদ্ধিজীবীদের সম্মানে আয়োজিত চা-চক্র অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাসস

শিল্পী, সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সঙ্গে আড্ডায় গতকাল শুক্রবার অন্য রকম এক বিকেল কাটালেন বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।
এ আড্ডা-অনুষ্ঠান ঘিরে অন্য রকমভাবে সাজানো হয়েছিল প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের মাঠের সবুজ চত্বর। বাঙালির লোকসংস্কৃতিকে ধারণ করে তৈরি করা ছোট ছোট কুঁড়েঘরে শীতের ঐতিহ্যবাহী পিঠা বানানো হয়। মাঠের এক কোনায় ছিল মুখরোচক ফুচকা ও চটপটির দোকান। মাঠে প্রবেশের বাঁ কোণে ছিল ফলের দোকান। তবে অতিথিরা খেয়েছেন বিনা পয়সায়।
মাঠজুড়ে ছোট শিশুদের ছোটাছুটি। দোলনায় দোল খাওয়াসহ শিশুদের জন্য ছিল খেলাধুলার ব্যবস্থা। শিশুদের খেলার সঙ্গী হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা।
মাঠ ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিত লেখক, শিল্পী, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সঙ্গে কথা বলেছেন। সাংবাদিকেরা কিছু বলার জন্য অনুরোধ করলে প্রধানমন্ত্রী জানান, আজ কোনো বক্তব্য নয়, কেবল আড্ডা। তবে তিনি এটুকু বলেন, ‘নিরীহ মানুষের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা, এটা কোন ধরনের রাজনীতি? আমি সব সময় জনগণের জন্য ভাবি, জনগণের জন্য কাজ করি। মানুষের কল্যাণে আমি আমৃত্যু কাজ করে যাব।’
শেখ রেহানাও ঘুরে ঘুরে চেনাজানা যাঁকেই পেয়েছেন, সবার কুশল জানতে চেয়েছেন।
আড্ডায় উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল হক, আ আ ম স আরেফিন সিদ্দিক, তাসমিমা হোসেন, সাংবাদিকদের মধ্যে গোলাম সারওয়ার, হাবিবুর রহমান মিলন, ইমদাদুল হক মিলন, শাইখ সিরাজ, হাসান শাহরিয়ার, মনজুরুল আহসান বুলবুল, নাঈমুল ইসলাম খান, শাহ আলমগীর, ফরিদ হোসেন, শফিকুর রহমান, স্বদেশ রায়, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, নঈম নিজাম, আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে ছিলেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, আলী যাকের, সারা যাকের, লিয়াকত আলী লাকী, গোলাম কুদ্দুছ, তারানা হালিম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিরীন শারমিন চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, গওহর রিজভী, ইকবাল সোবহান চৌধুরী, আবুল কালাম আজাদ প্রমুখ।
এই ব্যতিক্রমী অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তাঁকে সহায়তা করেন মাহবুব উল হক। সংগীত পরিবেশন করেন পাপিয়া সারোয়ার, রফিকুল আলম, খায়রুল আনাম শাকিল, সুবীর নন্দী প্রমুখ।