সাহিত্যে নতুন মাত্রা যুক্ত করবে 'দ্য ব্যালাড অব আয়েশা'

কথাসাহিত্যিক আনিসুল হকের ‘আয়েশামঙ্গল’ উপন্যাসের ইংরেজি অনুবাদ ‘দ্য ব্যালাড অব আয়েশা’ বিশ্বসাহিত্যে নতুন মাত্রা যুক্ত করবে। এ উপন্যাসে এক নারীর সংগ্রামের গল্পের পাশাপাশি উঠে এসেছে একাত্তরের কথা, দুর্ভিক্ষের কথাসহ সামরিক রাজনীতির নানা বিষয়।
রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে শনিবার সন্ধ্যায় ‘মঙ্গলবারতা’ শীর্ষক আনন্দ আয়োজনে বক্তারা এসব কথা বলেন। ‘দ্য ব্যালাড অব আয়েশা’র প্রকাশ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। ‘আয়েশামঙ্গল’ উপন্যাস ইংরেজিতে অনুবাদ করেছেন ইনাম আহমেদ। গত ২৫ মে বইটি প্রকাশ করেছে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা হারপার কলিন্স।
শুরুতে বন্ধুসভার সভাপতি দন্ত্যস রওশন বন্ধুসভার পক্ষ থেকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বাংলা একাডেমির উপপরিচালক আমিনুর রহমান সুলতান বলেন, মধ্যযুগের মনসামঙ্গলের বেহুলাকে যেমন দেখা যায় তাঁর স্বামীকে পুনরায় জীবিত করতে কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। আয়েশামঙ্গলের আয়েশাকেও স্বামী হারিয়ে আমাদের সমাজে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বেঁচে থাকতে হয়েছে। এই গল্পে উঠে এসেছে একাত্তরের কথা, দুর্ভিক্ষের কথা, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, সামরিক রাজনীতিসহ নানা বিষয়।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আনিসুল হকের লেখা আমাকে বরাবরই টানে। আয়েশামঙ্গল নিয়ে টিভি ফিকশন বানানোর সূত্রেই তার সঙ্গে আমার পরিচয়। এবার নতুন করে আয়েশামঙ্গল উপন্যাস নিয়ে ‘আয়েশা’ টেলিছবি নির্মাণ করছি। আমার মা শিক্ষিত নন কিন্তু আমি দেখেছি তিনি খুব শক্তিশালী একজন নারী। আয়েশা একজন শক্তিশালী নারী চরিত্র। মূলত গায়ের জোর নয় আমাদের সমাজ ব্যবস্থায় আমি বলব প্রতিটি নারীই শক্তিশালী এবং জীবনের নানা ক্ষেত্র তারা দক্ষতার সঙ্গে পার করেন।’
লেখক ও মনোচিকিৎসক মোহিত কামাল বলেন আনিসুল হকের লেখা মানেই সেখানে বিচিত্র বিষয়ের উপস্থিতি থাকবে। এই উপন্যাসটিও তার ব্যতক্রিম নয়।
লেখক ও প্রকাশক ফরিদ আহমেদ বলেন, আমাদের দেশের যারা অনুবাদ করেন তাদের অনুবাদ দেখা যায় আঞ্চলিকতার দোষে দুষ্ট থাকে। তাই সমাদৃত হয় না। কিন্তু দ্য ব্যালাড অব আয়েশার অনুবাদ সাহিত্যের ধারাকে ঠিক রেখেই হয়েছে। সেদিক থেকে এটা বিশ্বসাহিত্যে নতুন মাত্রা যুক্ত করবে।
আনিসুল হক বলেন, ১৯৭৭ সালের ২ অক্টোবর ঘটে যাওয়া রহস্যময় সামরিক অভ্যুত্থানের ২০ বছর পর একজন নারীর তাঁর স্বামীকে খুঁজতে আসা এবং জানতে পারা যে ২০ বছর আগে ১৯৭৭ সালের ২৪ অক্টোবর ঢাকা সেন্ট্রাল জেলে তাঁর স্বামীর ফাঁসি হয়ে গেছে। এই বিষয়টি আমার মনে দাগ কাটে এবং আমি এই উপন্যাস লেখা শুরু করি। এই উপন্যাসের ক্ষেত্রে জায়েদুল আহসান পিন্টু ভাইয়ের অনেক অবদান। কারণ ১৯৭৭ সালে সংঘটিত সামরিক অভ্যুত্থান নিয়ে তিনিই প্রতিবেদন গুলো লিখেছিলেন। আমার জীবনে দেখা অনেক সত্য ঘটনা যোগ করেছি গল্পের আবেগ-প্রেমরস ফুটিয়ে তোলার জন্য।
আনিসুল হক আরও বলেন, বিদেশি পাঠককে টার্গেট না করে আমাদের ১৬ কোটি এবং ভারতের আরও ১৫ কোটি, মোট বাংলাভাষী ৩০ কোটি মানুষকে টার্গেট করে লেখা উচিত। এমন কথা মাইকেল মধুসূদন বলেছেন, আবার রবীন্দ্রনাথও বলে গেছেন।
অনুষ্ঠানে বাংলা আয়েশামঙ্গলের অংশবিশেষ পাঠ করেন মোহতারিমা রহমান, দ্য ব্যালাড অব আয়েশার সারাংশ পড়ে শোনান কানিজ ফাতেমা, আগুনের পরশমণি গান পরিবেশন করেন দেবলিনা সুর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মৌসুমী মৌ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোকচিত্রী আক্কাস মাহমুদ, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, অভিনেত্রী সেঁওতি, দ্বিতীয় সৈয়দ হক, উৎপল শুভ্র, মাসুক হেলাল, সুমন রহমান, পিয়াস মজিদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।