সাহিত্যে নারী চরিত্র আনতে হবে নারীর দৃষ্টিভঙ্গি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, পুরুষের দৃষ্টিভঙ্গি নিয়ে বেশির ভাগ নারী চরিত্র উপস্থাপন করা হয়। এতে করে বাংলা সাহিত্যে নারী চরিত্রগুলোতে অসম্পূর্ণতা থাকে। নারী লেখক নারীর দৃষ্টিতে সাহিত্য লিখলে নারী সম্পর্কে ধারণা স্পষ্ট হবে। এতে সাহিত্যের অসম্পূর্ণতা দূর হবে।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে ‘বাংলা সাহিত্যে নারী’ সম্পর্কিত একক বক্তৃতায় অধ্যাপক আনিসুজ্জামান এ কথা বলেন। বিভাগের ১০৭ নম্বর কোর্সের শিক্ষার্থীরা বিভাগের শ্রেণীকক্ষে এ একক বক্তৃতার আয়োজন করেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, নারী লেখকদের লেখায় সমাজের নিয়ম ভাঙার ব্যাপার থাকে। এভাবে সমাজ সংশোধিত হয়। তবে নারী যদি পুরুষতান্ত্রিকতার আদর্শে লেখেন, তাহলে সে উদ্দেশ্য পূরণ হবে না। নারী লেখকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুরুষ লেখকদেরও নারীর দৃষ্টিতে নারী চরিত্র চিত্রণের আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান তাঁর লেখা ‘বাঙালি নারী সাহিত্যে ও সমাজে’ শীর্ষক বইসহ বিভিন্ন গ্রন্থের রেফারেন্স টেনে বাংলা সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বেশির ভাগ বাংলা সাহিত্যে নারীর দেহ, রূপ, নারীকে পদ্মিনী, হস্তিনী, কুমারী, সধবা, বিধবা, বারবনিতাসহ নানা বর্গে ভাগ করা হলেও এর বাইরেও যে নারীর পরিচয় আছে, তা তেমন গুরুত্ব পায়নি। তবে নারীর চরিত্র চিত্রণে অন্যান্য দেশের অবস্থাও প্রায় একই।
আনিসুজ্জামান বলেন, ‘প্রচলিত ধারণাগুলো সব সময় বাংলা সাহিত্যে প্রতিফলিত হয়নি। ছেলে সন্তানের জন্ম যে আনন্দের সৃষ্টি করে, কন্যা সন্তানের জন্মে সে আনন্দ হয় না—এ প্রচলিত ধারণা পুরোনো সাহিত্য সমর্থন করে না। সন্তানের জন্মের আগেই কন্যাসন্তান পাওয়ার আশায় বাবা-মা পূজা করছেন, তারও প্রমাণ পাওয়া যায় সাহিত্যে।’
আনিসুজ্জামান বলেন, হিন্দুপ্রধান সমাজে স্মৃতিশাস্ত্রে নারী-পুরুষের ভেদাভেদের বিষয়টি সামনে চলে আসে। বাংলা সাহিত্যে আদর্শ নারী হিসেবে সীতার পাশাপাশি সীতার বিপরীত রাধা চরিত্রও প্রাধান্য পেয়েছে। বিভিন্ন তত্ত্ব লোকমুখে প্রচলিত হওয়ার পর তা সাহিত্যে স্থান পায়।
আনিসুজ্জামান বলেন, বাল্যবিবাহ, বহুবিবাহের বিষয়গুলি সাহিত্যে স্থান পেয়েছে। তেমনিভাবে নারীরা দই বিক্রিসহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তারও প্রমাণ মেলে বাংলা সাহিত্যে।
সমাজ সামনের দিকে এগিয়েছে, সাহিত্যেও নারী বিভিন্ন মাত্রা পেয়েছে। আনিসুজ্জামান পুরোনো কালের নারীর লেখা আত্মকাহিনিগুলোকে বেশি গুরুত্ব দেন।
একক বক্তৃতা শেষে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আনিসুজ্জামান। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ার নাজমা চৌধুরীর প্রশ্নের উত্তরে আনিসুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধে নারী বলতেই নারীর প্রতি যে অত্যাচার, তা প্রাধান্য পেয়েছে। কিছু লেখক শরণার্থী নারী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী নারীর বাস্তব চরিত্র সাহিত্যে স্থান দিয়েছেন।
একক বক্তৃতা অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান তানিয়া হক আনিসুজ্জামানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক নাজমুন্নেসা মাহতাব, মালেকা বেগম, হেলাল হোসেন, সাবিহা ইয়াসমিন, অদিতি সবুর, মাইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।