বাংলা সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের দুই দেশের সাহিত্যিকদের আরও যত্নবান হতে হবে, কাছাকাছি আসতে হবে। এর বিকাশে একযোগে কাজ করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে কলকাতার অক্সফোর্ড সেন্টারে আয়োজিত এপিজে বাংলা সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশের সাহিত্যিক সেলিনা হোসেন।
কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত অক্সফোর্ড বুক সেন্টার এবং প্রকাশনা সংস্থা পত্র ভারতী দুই দিনের এই সাহিত্য উৎসব আয়োজন করেছে।
প্রদীপ জ্বালিয়ে উৎসব উদ্বোধন করেন কবি শঙ্খ ঘোষ, সাহিত্যিক সেলিনা হোসেন, সঞ্জীব চট্টোপাধ্যায়, নবনীতা দেব সেন, পত্রভারতীর কর্ণধার ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং অক্সফোর্ড বুক সেলার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাগত সেনগুপ্ত। সাহিত্য সম্মেলনে থাকছে বাংলা গল্প, উপন্যাস নিয়ে আলোচনা থেকে কবিতা আবৃত্তি, রম্য রচনা, সিনেমা থেকে গান আর সোশ্যাল মিডিয়া থেকে পরমাণু গল্প ও বিতর্ক। উৎসবের বিভিন্ন পর্বে আলোচনায় যোগ দেবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, প্রচেত গুপ্ত প্রমুখ।