সাহেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি ২২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ সাহেদ
ছবি: সংগৃহীত

করোনার নমুনা পরীক্ষা ও চিকিৎসার খরচ বাবদ ৩ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আজ রোববার এ মামলায় অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন ধার্য ছিল। পরে আদালত ২২ ফেব্রুয়ারি শুনানির দিন পিছিয়ে ২২ ফেব্রুয়ারি ঠিক করেন। সেদিন সাহেদকে হাজির করতে বলা হয়েছে।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস আজ রোববার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

পিপি মাহমুদ হোসেন জানান, এই মামলার অভিযোগপত্রভুক্ত ছয় আসামির একজন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে আদালতে। আদালত তাঁকে আগামী শুনানির তারিখে হাজির করার নির্দেশ দিয়েছেন। সেদিন ছয়জন আসামির উপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির দিন ঠিক করেন আদালত।

অভিযোগপত্রভুক্ত বাকি আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা মো. দিদারুল ইসলাম। তাঁরা সবাই আজ আদালতে হাজির ছিলেন।

করোনার নমুনা পরীক্ষা ও চিকিৎসার খরচ বাবদ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ সেপ্টেম্বর পাঁচজনকে আসামি করে মামলা করেন দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারি। ওই মামলায় গত ২৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে অন্তর্ভুক্ত করে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সম্পাদন ও সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনা মূল্যে পরীক্ষা করিয়েছেন, যেখান থেকে অবৈধ পারিতোষিক বাবদ রোগীপ্রতি সাড়ে ৩ হাজার টাকা হিসাবে ১ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখার চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় ও অন্যান্য কর্মকর্তার খাবার খরচ বরাদ্দের বিষয়ে ১ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার মাসিক চাহিদা তুলে ধরেছেন।