
সনাতন ধর্মাবলম্বীদের কাছে কুমারী পূজা হলো একাধারে সৃষ্টিকর্তার উপাসনা, মানববন্দনা আর নারীর মর্যাদার প্রতিষ্ঠা। নারীর সম্মান, মানুষের সম্মান আর সৃষ্টিকর্তার আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা।
গতকাল রোববার সকালে শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিনে মহাষ্টমীতে দেশের বিভিন্ন রামকৃষ্ণ মিশন ও তাদের নিয়ন্ত্রিত মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজা।
আজ সোমবার শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন মহানবমী। নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। কাল বিজয়া দশমী। এদিন বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। পেছনে ফেলে যাবেন ভক্তদের চার দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার অশ্রু।
রামকৃষ্ণ মিশনে উপচে পড়া ভিড়: কুমারী পূজায় অংশ নিতে রাজধানীর রামকৃষ্ণ মিশনে সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। অনেকেই মিশনের ভেতর ঢুকতে না পেরে বাইরে দাঁড়িয়ে ছিলেন। দুর্গাপূজার একটি পর্ব কুমারী পূজা। এই পূজার মাধ্যমে দেবী দুর্গার কুমারীরূপের আরাধনা করেন ভক্তরা। ১৯০১ সাল থেকে স্বামী বিবেকানন্দ কুমারী পূজা চালু করেন।
ঢাকার রামকৃষ্ণ মিশনে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় কুমারী পূজা। তবে সেখানে ভক্তদের ভিড় শুরু হয় আগে থেকেই। ঢাকার রামকৃষ্ণ মিশনের কুমারীর নাম সর্বাণী ভট্টাচার্য বিদ্যা। তার বয়স সাত বছর। একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী সর্বানী। পূজা উপলক্ষে তার নামকরণ করা হয়েছে মালিনী।
ঢাকার দনিয়া কলেজের শিক্ষক মালতী রানী দাস বলেন, কুমারী পূজা বলতে চায়, নারী কোনো ভোগ্যপণ্য নয়। নারী পূজনীয়। এই পূজার মাধ্যমে নারীকে সম্মানের আসনে বসানো হয়েছে।
মণ্ডপে মণ্ডপে ভিড়: মহাষ্টমীতে গতকাল রাজধানীর মণ্ডপগুলোতে ছিল উপচে পড়া ভিড়। শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নয়, সব ধর্মের মানুষের উপস্থিতিও মণ্ডপে মণ্ডপে লক্ষ করা গেছে। অনেকে ভিড়ের কারণে প্রতিমার কাছে যেতে পারেননি। দূর থেকে মা দুর্গাকে প্রণাম জানিয়ে ফিরে গেছেন।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল ভক্তদের ব্যাপক উপস্থিতি। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে নয়টার মধ্যে মহাষ্টমীর পূজা দেওয়া শেষ হয়েছে। এরপর মহাপ্রসাদ বিতরণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা হয়েছে। বিকেল ৫টা ৩৭ মিনিট থেকে শুরু হয় সন্ধ্যাকালীন পূজা। এটি প্রায় এক ঘণ্টা চলেছে।
ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে আসা মৃণ্ময় ও তাপসী জানালেন, তাঁরা সকাল থেকে তিনটি মণ্ডপে গেছেন। পূজা দিয়েছেন। প্রতিটি মণ্ডপেই ভক্তদের ভিড়। রামকৃষ্ণ মিশনে ভেতরেই ঢুকতে পারেননি তাঁরা।