সাড়ম্বরে শুরু হলো স্ট্যাম্প প্রদর্শনী

ডাকটিকিটের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে আজ শনিবার থেকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে ‘স্ট্যাম্প শো ঢাকা ২০১৮’। ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
‘মাদকমুক্ত সমাজ চাই, শখের রাজ্যে আসতে চাই’—এই স্লোগান নিয়ে শনিবার সকাল সাড়ে দশটায় শুরু হয় এ প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ পোস্ট অফিসের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ। সভাপতিত্ব করেন ‘স্ট্যাম্প শো ঢাকা ২০১৮’-এর চেয়ারম্যান মুহাম্মদ আকবর হোসাইন।
একটি বিশেষ ডাকটিকিট উন্মোচনের মাধ্যমে এ প্রদর্শনীর সূচনা হয়। উদ্বোধনী বক্তব্যে মো. রিয়াজ আহমেদ বলেন, ‘ডাকটিকিট সংগ্রহের মতো সুস্থধারার শখে নিয়োজিত রেখে তরুণেরা নিজেদের সন্ত্রাস, মাদকাসক্তি ও জুয়ার নেশা থেকে বিরত রাখতে পারে।’ সুশান্ত কুমার মণ্ডল বলেন, ‘স্ট্যাম্প সংগ্রহের মতো শখগুলো সুস্থ তরুণ সমাজ গড়তে সরকারকে পরোক্ষভাবে সাহায্য করছে।’

উদ্বোধনের পরে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় প্রদর্শন গ্যালারি। প্রদর্শনীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব থেকে বর্তমানকাল পর্যন্ত বিভিন্ন সময়ের ডাকটিকিট ঠাঁই পেয়েছে। প্রদর্শনীতে ডাকটিকিট ছাড়াও ছিল মো. শাকিল হকের বিচিত্র সব ম্যাচ বাক্স, নাজমুল হকের সংগ্রহে থাকা নানা রকম দোয়াত, রাসেল রহমানের বিভিন্ন দেশের স্কাউটিং সামগ্রী এবং রবিউল ইসলামের হরেক সিরিয়ালের টাকা।
স্ট্যাম্প শো থেকে কেনা যাবে নতুন উন্মোচিত ডাকটিকিট, ডাকটিকিটের ছবি সংবলিত টি-শার্ট, মগ ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের পয়সা। পাঁচ দিনের এই প্রদর্শনীতে আরও থাকবে মালয়েশিয়ার স্ট্যাম্প ডিজাইনারের তত্ত্বাবধানে বিশেষ কর্মশালা এবং উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীবের তত্ত্বাবধানে বিশেষ কার্টুন প্রশিক্ষণ।
‘ঢাকা স্ট্যাম্প শো ২০১৮’-তে মিডিয়া পার্টনার হিসেবে আছে মাসিক বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।