সাড়া দেয়নি সাধারণ মানুষ, যানবাহনে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে গতকাল সোমবার জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সারা দেশে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। রাস্তায় যান চলাচল প্রায় স্বাভাবিক ছিল। স্কুল-কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা ছিল। তবে কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকেরা। কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে এবং বেশ কয়েকজনকে আটক করে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: সকালে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ হরতালকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। একটি ট্রাকে আগুন ও একটি ট্রাক ভাঙচুর করে। দুপুরে হাতবোমাসহ জেলার কাঁটাখালী পৌরসভার মেয়র ও মতিহার থানা জামায়াতের আমির মাজেদুর রহমানের স্ত্রী মোস্তারি বেগমকে আটক করে র‌্যাব ও পুলিশ। ওই সময় তাঁর বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়র স্ত্রীর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।রংপুর: জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রংপুরে সব ব্যবসাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম চলেছে। শহরে গাড়ি চলাচলও ছিল স্বাভাবিক। শহর থেকে আট কিলোমিটার দূরে ঢাকা-দিনাজপুর মহাসড়কের হাজিরহাটে হরতালকারীরা দূরপাল্লার গাড়ি চলাচলে বাধা দেয় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেয়। এতে কনস্টেবল অহিদুল (২৫) ও নৃত্যরঞ্জন শীল (৩৫) আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ দুই শিবির কর্মীকে আটক করে। বেলা সাড়ে তিনটার দিকে ক্ষুব্ধ লোকজন শহরের ধাপে ইসলামি কমিউনিটি হাসপাতালের চিকিৎকদের আটটি কক্ষ ভাঙচুর করে। একই এলাকায় রেটিনা কোচিং সেন্টারে আগুন দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর: সকাল সাড়ে সাতটার দিকে হরতাল-সমর্থকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাসন সড়ক এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় পুলিশ বাসন এলাকা থেকে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে। বাসন এলাকায় বাসে অগ্নিসংযোগের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামানকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে হরতাল-সমর্থকেরা গাজীপুর সদর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের পাশে চান্দনা-চৌরাস্তা-গাজীপুর সড়কে একটি মিনিবাসে অগ্নিসংযোগ করেন। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় হরতাল-সমর্থকেরা একটি বাসে অগ্নিসংযোগ করেন।বগুড়া: হরতালে মাঠে ছিলেন না জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে শহরের মফিল পাগলার মোড় এলাকায় পরপর কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে জামায়াত-শিবির শহরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। নাশকতা চেষ্টার অভিযোগে পুলিশ সোনাতলা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হককে গ্রেপ্তার করেছে।সিরাজগঞ্জ: সদর উপজেলার বহুলীতে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। ভোরে উল্লাপাড়া থেকে আরও তিনজনকে আটক করা হয়।দিনাজপুর: জেলার বীরগঞ্জ উপজেলায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ২৫ মাইল স্থানে হরতাল সমর্থকেরা বিআরটিসির একটি বাস ভাঙচুর করে। এতে শিশুসহ ১২ জন যাত্রী আহত হয়েছে। এ সময় এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।চাঁপাইনবাবগঞ্জ: সকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালান। দুপুর ১২টার দিকে ছাত্রলীগ হরতালবিরোধী মিছিল বের করে উপজেলা জামায়াতের কার্যালয়ে হামলা চালিয়ে আসবাস ভাঙচুর করে। শিবতলা মোড়ে ঢাকাগামী দুটি বাস ও একটি ট্রাকে ভাঙচুর করে হরতালকারীরা। জয়পুরহাট: শহরের অদূরে জয়পুরহাট-বগুড়া সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সকালে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির রাশেদুল ইসলাম ও জয়পুরহাট শহর জামায়াতের সেক্রেটারি আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। হরতালকারীরা সেখানে একটি মোটরসাইকেল ও একটি টেম্পো ভাঙচুর করে।পাবনা: সকাল সাতটার দিকে হরতালকারীরা ঢাকা-পাবনা মহাসড়কে চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করে। দুপুর সাড়ে ১২টার দিকে হরতালবিরোধী মিছিল থেকে ঢিল ছুড়ে আবদুল হামিদ সড়কে ইসলামী ব্যাংকের জানালার কাচ ভাঙা হয়।পীরগাছা (রংপুর): বেলা ১১টায় পীরগাছার দেউতি বাজারে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে হয়েছে। ইটের আঘাতে পুলিশের কনস্টেবল শহীদুল ইসলাম (৪৫) আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক জামায়াত কর্মীকে আটক করে পুলিশ।খুলনা: সকাল সাড়ে ছয়টায় খুলনার ডুমুরিয়া উপজেলার মালতিয়া এলাকায় একটি ট্রাক ও একটা পিকআপ ভাঙচুর করে হরতাল সমর্থকেরা। পুলিশ গেলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে ১৪টি গুলি ছোড়ে পুলিশ। ওই এলাকা থেকে চার শিবির কর্মীকে আটক করা হয়।সাতক্ষীরা: সকাল নয়টার দিকে হরতালকারীরা সাতক্ষীরা-খুলনা সড়কের তালতলা ঈদগাহ মোড়ে একটি ট্রাক ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।বরিশাল: শিবির কর্মীরা ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর, বরিশাল-বাবুগঞ্জ সড়কের লাকুটিয়াসহ কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়। দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের জনজীবন কার্যত স্বাভাবিক ছিল। ব্যাংক-বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানেও ক্লাস হয়েছে। সকাল থেকে নগরজুড়ে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো চলাচল করে। দুপুরের পর থেকে নগরের বিভিন্ন সড়কে যাত্রীবাহী বাস চলাচল করে। ট্রাক ও কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়িও চলতে দেখা গেছে। হরতালের বিরুদ্ধে নগরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিছিল সমাবেশ করেছে। গতকাল জামায়াত-শিবিরের কোনো নেতা-কর্মীকে নগরে পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি।আনোয়ারা (চট্টগ্রাম): উপজেলার চাতরী চৌমুহনী বাজারের রাজছিলা ফকিরের মাজার এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও গাড়ি চলাচলে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ শিবিরের দুই কর্মীকে আটক করেছে। রাঙামাটি: রাঙামাটিতে যান চলাচল ছিল স্বাভাবিক। শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। রাঙামাটি শহরের কোথাও হরতাল-সমর্থকদের দেখা যায়নি। খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা শহরে হরতাল-সমর্থকদের দেখা যায়নি। শহরে ও জেলার অভ্যন্তরীণ সব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। জেলা সদরের ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট, ব্যাংক, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। লক্ষ্মীপুর: সকাল আটটার দিকে শিবিরের নেতা-কর্মীদের হামলায় যুবলীগের নেতা মোরশেদ আলম, মিঠু ও জসিম উদ্দিন আহত হন। পরে যুবলীগের নেতা-কর্মীদের বহনকারী দুটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেন শিবিরের নেতা-কর্মীরা। রায়পুর (লক্ষ্মীপুর): সকালে সিকদার রাস্তায় শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশের দুটি পিকআপ ভ্যানের কাচ ভাঙচুর করা হয়। হরতাল-সমর্থকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিম আহত হন। ঘটনাস্থল থেকে জামায়াতের এক কর্মীকে আটক করা হয়েছে। যুবলীগের নেতা-কর্মীরা সংগ্রাম, আমার দেশ ও নয়া দিগন্তসহ কয়েকটি পত্রিকার বেশ কিছু কপিতে আগুন ধরিয়ে দেন। রামগতি (লক্ষ্মীপুর): সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাটে মেঘনা সিনেমা হল এলাকায় ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে যুবলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে যুবলীগের আট নেতা-কর্মী ও এক পথচারী আহত হন। এ সময় যুবলীগের কর্মীরা একটি বাস ও ছাত্রশিবির কর্মীদের ১০টি বাইসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। নোয়াখালী: ভোরে জেলা শহরের কয়েকটি স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে হরতাল-সমর্থকেরা। বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেডিয়াম এলাকায় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। হরতালের আগের রাতে পুলিশ জেলা শহর ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের ১৬ কর্মী-সমর্থককে আটক করে। সিলেট: নগরের ওসমানী মেডিকেল সড়ক, সিলেট-সুনামগঞ্জে সড়কের মাদিনা মার্কেট, সুবিদবাজার, মিরাবাজার, শাহি ঈদগাহ ও বালুচর এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন হরতাল-সমর্থকেরা। এ সময় সাতটি অটোরিকশা ও একটি মাইক্রোবাস ভাঙচুর করেন তাঁরা। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। কানাইঘাটে পিকেটারদের ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হন। বিয়ানীবাজার (সিলেট): পৌরসভার নবাং ত্রিমুখী থেকে উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।বিশ্বনাথ (সিলেট): সকালে হরতাল-সমর্থকদের ছোড়া ইটের আঘাতে পুলিশের কনস্টেবল ফিরোজ আলী আহত হন। এ সময় জামায়াত-শিবিরের কয়েকজন আহত হন। সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরে হরতাল-সমর্থকদের দেখা যায়নি। শহরে যান চলাচল স্বাভাবিক ছিল। ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। উপজেলাগুলোতেও হরতাল হয়নি বলে খবর পাওয়া গেছে। মৌলভীবাজার: মৌলভীবাজার পশ্চিম শহরতলির জুগিডর এলাকায় পিকেটিং করার পুলিশ জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে।ব্রাহ্মণবাড়িয়া: সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া শহরে রিকশা ও ইজিবাইক চলাচল করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক-বিমা যথারীতি খুলেছে। আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম ছিল স্বাভাবিক। নয়া দিগন্ত ও আমার দেশ পত্রিকার কপিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কুমিল্লা: কুমিল্লা নগরে হরতাল-সমর্থকদের দেখা যায়নি। সকাল থেকেই নগরে রিকশা, ইজিবাইক চলাচল ছিল স্বাভাবিক। শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাট খুলেছে যথারীতি।টঙ্গী (গাজীপুর): টঙ্গীতে জামায়াতের ডাকা হরতালে জনজীবন স্বাভাবিক ছিল। দোকানপাট ছিল খোলা। দুপুরে হরতাল-সমর্থকেরা চেরাগআলী এলাকায় বলাকা পরিবহনের একটি থেমে থাকা বাসে আগুন ধরিয়ে দেন। মানিকগঞ্জ: হরতালে মানিকগঞ্জে তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। শহরে বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে অন্যান্য দিনের মতোই ছিল কর্মব্যস্ততা। জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের দেখা যায়নি।নারায়ণগঞ্জ: হরতালে মাঠে নামেননি জামায়াত-শিবিরের কর্মীরা। দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও স্থানীয় রুটগুলোতে বাস চলেছে। ট্রেন ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। শহরের দোকানপাটও ছিল খোলা। এদিকে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হরতালের বিরুদ্ধে গণসংগীত পরিবেশন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সম্মিলিত আইনজীবী পরিষদ আদালতপাড়ায় হরতালবিরোধী মিছিল করে।