সাড়ে আট কিমির জন্য ঘুরতে হয় ৯০ কিমি
দুপচাঁচিয়া-ক্ষেতলাল সড়কের বগুড়ার দুপচাচিয়া অংশ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কার্পেটিং উঠে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে এ অংশ দিয়ে যাতায়াত করতে যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছে। একই কারণে ব্যবসায়ীদের ৩৫ কিলোমিটারের বদলে ৯০ কিলোমিটার ঘুরে মালামাল পরিবহন করতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি বগুড়া ও জয়পুরহাট জেলার মধ্য দিয়ে চলে গেছে। এটি দুপচাঁচিয়া প্রধান বাসস্ট্যান্ড থেকে ধাপসুলতানগঞ্জ হাট হয়ে ক্ষেতলাল উপজেলা সদর দিয়ে জয়পুরহাট জেলা সদরে গেছে। এর দৈর্ঘ্য ৩৫ কিলোমিটার। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দুপচাঁচিয়া, কাহালু ও নন্দীগ্রাম উপজেলা থেকে খুব কম সময়ে এই সড়ক দিয়ে জয়পুরহাট হয়ে হিলি স্থলবন্দর এবং দিনাজপুর জেলা শহরে যাতায়াত করা যায়। ৩৫ কিলোমিটার এই সড়কপথে ব্যবসায়ীরা কম খরচে হিলি স্থলবন্দর থেকে মালামাল আনা-নেওয়া করেন। সড়কটির সংস্কার না থাকায় দীর্ঘদিন হলো ভারী যানবাহন চলাচল করতে পারছে না। এ কারণে বিকল্প বগুড়া হয়ে জয়পুরহাট সড়কে যাতায়াত করছে এসব যানবাহন। এতে প্রায় ৯০ কিলোমিটার পথ ঘুরে হিলি স্থলবন্দর থেকে মালামাল দুপচাঁচিয়ায় আনতে হচ্ছে। ৩৫ কিলোমিটারের মধ্যে খানাখন্দে ভরা সাড়ে আট কিলোমিটার সড়কটি দুপচাঁচিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। সড়কের বাকি অংশ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা এলজিইডির অধীন।সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপচাঁচিয়া উপজেলার অধীন সাড়ে আট কিলোমিটার সড়কটির অবস্থা শোচনীয়। এ অংশের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চলতি বছরের শুরুতে দুই কিলোমিটার অংশ মেরামত করা হলেও আবারও বিভিন্ন স্থানে পিচ উঠে খোয়া বের হয়ে যায়। এই সড়কে চলাচলকারী মিনিট্রাকের চালক ফরিদ উদ্দিন বলেন, ‘এই রাস্তা দিয়ে মালবোঝাই ট্রাক নিয়ে যাওয়ার কথা শুনলে গায়ে জ্বর আসে। মাল বোঝাই করে এই রাস্তা দিয়ে কোথাও গেলেই ট্রাকটি গ্যারেজে নিতে হয়। তাই সহজে এই রাস্তায় ভাড়া ধরি না।’ এলজিইডি সূত্রে জানা গেছে, এ অর্থবছরে সড়কটি সংস্কারের জন্য এক কোটি পাঁচ লাখ টাকার বরাদ্দ এসেছে।দুপচাঁচিয়া উপজেলা প্রকৌশলী আশরাফ আলী খান বলেন, আসলে এই সড়কটি ভারী যানবাহন চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়নি। তাই একটু ভারী যানবাহন চলাচল করলেই সড়কটি কম সময়ে নষ্ট হয়ে যায়। সড়কটি গুরুত্বপূর্ণ বলে বড় ধরনের অর্থের বরাদ্দ দিয়ে উন্নতমানের কাজ করা হলে আর সমস্যা থাকবে না।