অনশন ভাঙলেন ব্র্যাকের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন ভেঙেছেন। আজ সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে শিক্ষার্থীরা অনশন ভাঙেন।

১ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নিরাপত্তাকর্মীদের নিয়মের বাইরে বল প্রয়োগের অভিযোগ নিয়ে ‘সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটির’ কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দিতে বলেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ফেসবুক অফিশিয়াল পেজে বলেছে, এই কমিটি আগামী সপ্তাহের শুরুতেই কাজ শুরু করবে। যদি এমন কোনো হয়রানির ঘটনা ঘটে থাকে, তাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করছে। প্রশাসন আশা করছে এই কমিটির মাধ্যমে দ্রুত সিদ্ধান্তে আসতে পারবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ১ আগস্ট তাঁদের চলমান বিক্ষোভে ছাত্র-ছাত্রীদের লাঞ্ছিত করা হয়। এই ঘটনায় তাঁরা বিচার চান। সাড়ে আট ঘণ্টা অনশন করেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ ও কথা দেওয়ায় শিক্ষার্থীরা অনশন ভাঙেন।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থী কামরুন নাহার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পুরুষ নিরাপত্তাকর্মীরা নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করেছে। এর বিচার আমরা চেয়েছিলাম। কর্তৃপক্ষ কমিটি করে কথা দেওয়ায় আমরা অনশন ভেঙেছি।’

এর আগে আজ সকাল দশটা থেকে মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের সামনে ও পাশের সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হন। বেলা ১১টা থেকে আমরণ অনশন শুরু করেন ছয় শিক্ষার্থী। অনশনকারী শিক্ষার্থীরা হলেন ব্র্যাক বিজনেস স্কুলের ইয়াসিনুর রহমান, আইন বিভাগের কামরুন নাহার, ইরফানুল রহমান, সাদিয়া আফরিন, শেখ নোমান এবং ম্যাথমেটিকস ও ন্যাচারাল সায়েন্স বিভাগের আকাশ আহমেদ।
অনশনরত শিক্ষার্থীরা ‘বিচারের দাবিতে অনশন, তবুও চুপ প্রশাসন’, ‘বোনের গায়ে হাত কেন? বিচার চাই, জবাব চাই’, ‘অনশন অনশন, বিচার চাই, বিচার চাই’-বিভিন্ন স্লোগান দেন।
বেলা আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন। বিকেল চারটার দিকে শিক্ষার্থীরা রেজিস্ট্রারের কুশপুত্তলিকা তৈরি করেন। পরে অনশনকারী এক শিক্ষার্থী তা সরিয়ে নেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা অহিংস আন্দোলন করছি। তাই কোনো সহিংস আচরণে আমরা যাব না।’ বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সামিয়া হক, ইকোনোমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সেউতি সবুর ও প্রভাষক শেহজাদ আরেফিন ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। প্রায় আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাতটা চল্লিশে শিক্ষার্থীরা অনশন ভাঙেন। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের কাছে দুঃখ প্রকাশ করেছে বলে, তাঁরা অনশন ভাঙেন। তবে মঙ্গলবারের মধ্যে কমিটি কোনো প্রতিবেদন না দিলে তাঁরা আবার অনশনে যাবেন।
শিক্ষার্থীদের অভিযোগ, চুক্তিতে থাকা আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে গত ৩০ জুলাই মানবসম্পদ বিভাগ থেকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি তা নিতে অস্বীকৃতি জানালে রেজিস্ট্রার বিভাগের একাধিক কর্মকর্তা তাঁর আইডি কার্ড নিয়ে নেন, তাঁকে লাঞ্ছিত করেন। এরপর থেকেই মহাখালীতে বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এই পরিস্থিতিতে গত বুধবার থেকে দুদিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।