মহাখালী রেলক্রসিংয়ে সাড়ে আট ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাঁরা দুজনই ওই এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত ওই দুজন হলেন সালাউদ্দিন আহমেদ (২৪) ও মো. সোহরাব হোসেন (৬৩)। এর মধ্যে সালাউদ্দিন মুঠোফোন কানে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শী লোকজন পুলিশকে জানিয়েছেন।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মহাখালী রেলক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত হন সালাউদ্দিন। কমলাপুর থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সালাউদ্দিনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। গাজীপুরের মাওনায় তিনি বোনের বাসায় থাকতেন এবং স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করতেন।
সালাউদ্দিনের পরিবারকে উদ্ধৃত করে ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদ রানা প্রথম আলোকে বলেন, সালাউদ্দিন শুক্রবার সকালে তাঁর ভগ্নিপতিকে ফোন করে জানিয়েছিলেন যে তিনি মালয়েশিয়া যাচ্ছেন। ফ্লাইট যেকোনো সময় হতে পারে। আর প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন, সালাউদ্দিন কানে মুঠোফোন দিয়ে রেলক্রসিং দিয়ে পার হচ্ছিলেন। এ সময় ট্রেন আসার বিষয়টি আশপাশের লোকজন চিৎকার করে বললেও তিনি শোনেননি।
এ ছাড়া আজ ভোর পাঁচটার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত হন সোহরাব হোসেন। তাঁর বাড়ি ঝালকাঠির নলছটিতে। তিনি আরজতপাড়ায় থেকে গুলশানে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। কমলাপুর থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
সহকারী উপপরিদর্শক রাশেদ রানা বলেন, দুটো দুর্ঘটনা একই জায়গায় ঘটেছে। সোহরাব চোখে কম দেখতেন বলে তাঁর পরিবার জানিয়েছে।