২৩ বছর ধরে চলা চট্টগ্রামের সন্দ্বীপের গাড়োয়ান হত্যা মামলায় প্রায় সাড়ে আট বছর পর আদালতে সাক্ষ্য দিয়েছেন এক সাক্ষী। এ ছাড়া এই মামলার সাক্ষীদের দীর্ঘদিন ধরে সমন পাঠানোর পরও কাউকে হাজির করতে না পারায় গতকাল সোমবার সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। ওসিকে আগামী ২২ সেপ্টেম্বর সশরীরে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন।
গতকাল আদালতে সাক্ষ্য দেন লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক ফজলুল করিম। বর্তমানে তিনি সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
গত শনিবার প্রথম আলোয় ‘২৩ বছর ধরে মামলা, বাদী শয্যাশায়ী, মারা গেছেন তিন আসামি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে ত্রৈমাসিক বিচারিক সম্মেলনে (জুডিশিয়াল কনফারেন্স) সন্দ্বীপের ওই হত্যা মামলা নিয়ে আলোচনা হয়।
মামলাটি দীর্ঘ সময়েও নিষ্পত্তি না হওয়ায় ৮ আগস্ট বিচারকের কাছে কারণ ব্যাখ্যা চান হাইকোর্ট। একই সঙ্গে তিন মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৯৩ সালের ৬ আগস্ট সন্দ্বীপের কচুয়াখালী এলাকায় আক্কাস উদ্দিন নামের এক যুবককে ১৫ হাজার টাকা চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। আক্কাস গরুর গাড়ি চালাতেন (গাড়োয়ান)। গত সাড়ে আট বছরে এই মামলায় একজন সাক্ষীকেও হাজির করতে পারেনি পুলিশ। এই সময়ের মধ্যে মোট ৪৩ বার মামলার তারিখ পড়েছে। আট আসামির মধ্যে প্রধান তিন আসামি মারা গেছেন। বয়সের ভারে মামলার বাদী ও আক্কাসের বাবা আবুল খায়ের এখন চলাফেরা করার শক্তিও হারিয়ে ফেলেছেন। মামলার ২৫ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাতজন (গতকালের একজনসহ) সাক্ষ্য দিয়েছেন। তদন্ত কর্মকর্তাসহ চার পুলিশ সাক্ষী এখনো সাক্ষ্য দেননি। এত বছর পর তাঁরা আদৌ বাহিনীতে আছেন কি না, তা-ও জানে না পুলিশ।
চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অজয় বোস প্রথম আলোকে বলেন, সমন না পেলেও পত্রিকায় এ মামলা-সংক্রান্ত প্রতিবেদন পড়ে গতকাল সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে সাক্ষ্য দিতে হাজির হন নিহত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক ফজলুল করিম। সাক্ষ্যে তিনি আদালতকে জানান, লাশের হাতে-পায়ে আঘাতের চিহ্ন ছিল। আঘাতের কারণে আক্কাস উদ্দিনের মৃত্যু হয়।
সরকারি কৌঁসুলি বলেন, সাক্ষীদের হাজির করতে না পারায় গতকাল আদালত সন্দ্বীপ থানার ওসি শামসুল ইসলামকে শোকজ করে আগামী ২২ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী ধার্য দিনে কারণ ব্যাখ্যা চেয়েছেন। ওসিকে সশরীরে হাজির হয়ে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
হত্যা মামলার সাক্ষী চার পুলিশ সদস্যের খোঁজ এখনো পাওয়া যায়নি বলে জানান চট্টগ্রাম জেলা কোর্ট উপপরিদর্শক (এসআই) শওকত ওসমান।