সাড়ে আট মাস পর কবর থেকে লাশ উত্তোলন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল বুধবার প্রায় সাড়ে আট মাস পর শাকিল হোসেন (২২) নামের এক কলেজছাত্রের লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর লাশ তুলে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাকিল হোসেন উপজেলার আদাবহ এলাকার চান মিয়ার ছেলে। তিনি কালিয়াকৈর ডিিগ্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় গত বছরের ২ মে একটি দুর্ঘটনায় শাকিল হোসেন মারা যান। ওই সময় শাকিলের পরিবার পুলিশকে মৃত্যুর বিষয়টি না জানিয়ে তাঁর লাশ দাফন করে। ঘটনার সপ্তাহ খানেক পর এ ঘটনায় ৮ মে গাজীপুরের বিচারিক হাকিম আদালতে চান মিয়া বাদী হয়ে একটি মামলা করেন। তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে তিনি ওই মামলা করেন। মামলায় একই এলাকার লিটন মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়।