পদ্মা সেতু প্রকল্পের জন্য ১২০ কোটি মার্কিন ডলার বা প্রায় আট হাজার ৪০০ কোটি টাকার ঋণ-সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক।গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় এই ঋণ-সহায়তা অনুমোদন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে সহজ শর্তে এই ঋণ দেওয়া হবে। এই ঋণ বাংলাদেশ সরকার ৪০ বছরের মধ্যে পরিশোধ করবে। এর মধ্যে ১০ বছর অতিরিক্ত সময় (গ্রেস পিরিয়ড)। এই ঋণের জন্য দশমিক ৭৫ শতাংশ হারে সুদ (সার্ভিস চার্জ) দিতে হবে বাংলাদেশকে।বিশ্বব্যাংক বলেছে, ৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম সেতু। বিশ্বব্যাংকের আইডিএ থেকে ঋণ দেওয়া সবচেয়ে বড় প্রকল্পও এটি।বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গুয়েরেরু বলেন, সরকারি কর্মকাণ্ডে জালিয়াতি ও দুর্নীতি কঠোরভাবে রোধের পাশাপাশি কাজের গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সুশাসন ও জবাবদিহির কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ওই কর্মপরিকল্পনায় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বিশ্বব্যাংক। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক এলেন গোল্ডস্টেইন বলেন, পদ্মা সেতুর সুবিধা কাজে লাগিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আর কী কী উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যায়, সে বিষয়ে সরকারের সঙ্গে বিশ্বব্যাংক কাজ করছে।পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার বা প্রায় ২০ হাজার ৩০০ কোটি টাকা। ইতিমধ্যে প্রায় ১৬ হাজার ৪৮০ কোটি টাকা ঋণ-সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিভিন্ন উন্নয়ন-সহযোগী সংস্থা। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিশ্বব্যাংক সহজ শর্তে ওই আট হাজার ৪০০ কোটি টাকা ছাড়াও প্রয়োজন হলে আরও প্রায় দুই হাজার কোটি টাকা সাধারণ ঋণ হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রায় চার হাজার ৩০০ কোটি, জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা দুই হাজার ৮০০ কোটি এবং ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) ৯৮০ কোটি টাকা ঋণ-সহায়তা দেবে পদ্মা সেতু প্রকল্পে। এডিবি, জাইকা ও আইডিবি ইতিমধ্যে এসব ঋণ-সহায়তা তাদের নিজ নিজ বোর্ড সভায় অনুমোদন করেছে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সব উন্নয়ন-সহযোগীই ঋণ নিশ্চিত করেছে। এখন তাদের সঙ্গে চুক্তি হবে। এর মধ্যেই পদ্মা সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগের কাজ চলবে। তিনি বলেন, ঠিকাদার নিয়োগের প্রাকযোগ্যতা যাচাইয়ের বিষয়গুলো মূল্যায়ন করে বিশ্বব্যাংকে পাঠানো হয়েছে। তাদের মতামত পাওয়া গেলে চূড়ান্ত দরপত্র আহ্বান করা হবে।পদ্মা সেতু বাস্তবায়ন করছে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ। ২০১৩ সালের মধ্যে পদ্মা সেতু বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে সরকার।