সাড়ে চার কিলোমিটার রাস্তাই খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের সোনাকান্দর গ্রামের মৌলভীঘাট থেকে ভবদিয়ার শামসুদ্দিন চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত বেড়িবাঁধের সাড়ে চার কিলোমিটার রাস্তার পুরোটাই খানাখন্দে ভরা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে রাস্তাটি কার্পেটিং করা হয়েছিল। এরপর সংস্কার না করায় রাস্তায় ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনগণকে দৈনন্দিন কাজ সারতে অন্য রাস্তা দিয়ে ঘুরে জেলা শহরে যাতায়াত করতে হয়।স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির দিনে হাঁটুসমান কাদা, আর শুষ্ক মৌসুমে ধুলার কারণে রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না। কোনো চালকই ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে রাজি হন না। মোটরসাইকেলের চালক ভবানীপুরের সুজন সরকার বলেন, নদীতে নৌকায় চড়তে যারা ভয় পায়, তারা এ রাস্তা দিয়ে যাতায়াত করলে নদীর ঢেউয়ের মতো দোল খেতে পারবে। তবে কোমর ও শরীরের বিভিন্ন স্থানে কয়েক মাস ব্যথা থাকবে।বরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী শামসুদ্দিন জানান, রোগী আনা-নেওয়া, মালামাল পরিবহনসহ যাতায়াতে লোকজনের দারুণ সমস্যা হয়। এককথায় বলতে গেলে যত প্রকার দুর্ভোগ আছে, তার সবই এ রাস্তায় বিদ্যমান। রাস্তাটি সংস্কারের জন্য সাংসদ একাধিকবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় জানান, রাস্তাটি মেরামতের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবালকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে রাস্তাটির ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। অল্প দিনের মধ্যেই কাজ শুরু হবে।ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা কিছুদিনের মধ্যেই রাস্তাটির কাজ শুরু করব।’