সাড়ে চার কিলোমিটারের জন্য যত ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর বর্ষা মৌসুম শুরু হলেই সাতক্ষীরার সঙ্গে খুলনার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর থেকে শুভাষিনী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার কপোতাক্ষ নদের পানি উপচে তলিয়ে থাকায় এ অবস্থার সৃষ্টি হয়। একই কারণে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়। এতে সারা বছর এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে গিয়ে যাত্রীরা দুর্ভোগ পোহায়।এ বছরও পানিতে তলিয়ে থাকায় সড়কের ওই অংশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন জানান, কপোতাক্ষ নদের উপচে পড়া পানিতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওই সাড়ে চার কিলোমিটার তলিয়ে যায়। শুষ্ক মৌসুমে জোড়াতালি দিয়ে যোগাযোগ চালু রাখার চেষ্টা করা হয়। প্রতিবছর সড়ক সংস্কারের নামে অর্ধ কোটি টাকা ব্যয় করা হলেও তা কাজে আসছে না।সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সাতক্ষীরা কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর প্রায় পাঁচ-ছয় মাস সাতক্ষীরা-খুলনা সড়ক কপোতাক্ষ নদের পানিতে তলিয়ে ছিল। মাঝেমধ্যে চালু করা হলেও কয়েক দিন যেতে না যেতেই আবার বন্ধ হয়ে যায়। ২০০৯ সালে ৭০ লাখ ১৯ হাজার টাকা ব্যয় করে সড়কটি চালু করার একটি প্রকল্প হাতে নেওয়া হয়। ওই বছরের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয় অক্টোবর মাসে। কিন্তু সড়কের দুই পাশে পানি থাকায় মাটি সরে যাচ্ছে। এতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।তালা উপজেলার মির্জাপুর গ্রামের তাজউদ্দিন সরদার জানান, এখন মির্জাপুর থেকে শুভাষিনী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়ক আবার বসে গেছে। সড়কের মাটি সরে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। গত ১৫ দিনে চারটি যাত্রীবাহী বাস উল্টে শতাধিক যাত্রী আহত হয়েছে। ৮ জুন যশোর থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস উল্টে ২০-২৫ জন যাত্রী আহত হয়েছে।মির্জাপুর গ্রামের বাসিন্দা শিক্ষক বিভূতিভূষণ ঘোষ জানান, কোটি কোটি টাকা ব্যয় করে সড়ক উঁচু করে নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। এ জন্য কপোতাক্ষ নদের পলি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।সাতক্ষীরা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম জানান, সাতক্ষীরা-খুলনা সড়কের ওই অংশের অবস্থা খুব খারাপ। এতে বর্ষা মৌসুমে ওই সড়ক দিয়ে যানবাহন চালানো যাবে না।সওজের সাতক্ষীরা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, মির্জাপুর থেকে শুভাষিনী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ ও সাতটি কালভার্ট নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ২৬ লাখ টাকা। এ কাজের জন্য গত ২০ জানুয়ারি খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর দরপত্র আহ্বান করেছে। কিন্তু বর্ষা মৌসুম শেষ না হলে কাজ শুরু করা যাবে না। তিনি দাবি করেন, বর্তমানে ওই সড়ক যে অবস্থায় রয়েছে তাতে এই বর্ষা মৌসুমে অন্য বছরগুলোর মতো যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে না।