সাড়ে চার কোটি টাকা নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীর ভাঙন অব্যাহত থাকায় বগুড়ার ধুনটের আটাচর ও সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া এলাকায় নির্মাণাধীন বেড়িবাঁধের বেশ কিছু অংশ বিলীন হয়ে গেছে। মাটি ব্যবহার না করে যমুনা নদী থেকে বালু তুলে নির্মাণ করায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এ বাঁধ বিলীন হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগেও এ দুই উপজেলার বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষার জন্য বালুভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধ নির্মাণ করা হয়েছিল। একই কারণে সেই বাঁধও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে সরকারের সাড়ে চার কোটি টাকা গচ্চা গেছে। এদিকে নির্মাণাধীন বাঁধ ভেঙে যাওয়ায় ধুনট ও সারিয়াকান্দি উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ এক সপ্তাহ ধরে বিচ্ছিন্ন রয়েছে।পাউবোর বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলা আটাচর ও সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামের নিকট বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় পাউবো প্রায় তিন কোটি টাকা ব্যয়ে বালুভর্তি জিও ব্যাগ দিয়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে। ঠিকাদার শাহরিয়ার আহমেদ গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৩০ মে পর্যন্ত এ বাঁধের নির্মাণকাজ শেষ করেন।পাউবো সূত্রে জানা গেছে, কাজ শেষ করার এক মাসের মধ্যে ওই প্রতিরক্ষা বাঁধে ভাঙন শুরু হয়। এ সময় পাউবো জরুরি ভিত্তিতে অর্ধ কোটি টাকা ব্যয় করে প্রতিরক্ষা বাঁধ রক্ষার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ওই প্রতিরক্ষা বাঁধ নদীতে বিলীন হয়। পরে পাউবো ঝুঁকিপূর্ণ বন্যানিয়ন্ত্রণ বাঁধের পশ্চিম পাশ দিয়ে ৬৮০ মিটার বিকল্প বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ দেয়। ঠিকাদার এ কে এম বজলুর রহমান আগস্ট মাসের প্রথম সপ্তাহে বাঁধটির নির্মাণকাজ শুরু করেন। এলাকায় মাটি না থাকায় তিনি ড্রেজার দিয়ে যমুনা নদী থেকে বালু তুলে বাঁধ নির্মাণ শুরু করেন। এ পর্যন্ত এ বাঁধের শতকরা ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন, যমুনা নদীতে ভাঙন অব্যাহত থাকায় এবং বালু দিয়ে নির্মাণ করায় নতুন বাঁধের শতকরা ৬০ ভাগ ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে। বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মমতাজ উদ্দিন বলেন, ‘আমরা বাঁধটি রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছি। ফসলি জমির মাটি ব্যবহার করার নিয়ম না থাকায় নদী থেকে বালু তুলে বাঁধ নির্মাণ করতে হয়েছে। ভাঙন বেড়ে যাওয়ায় বাঁধ রক্ষা করা যাচ্ছে না।’