সাড়ে চার কোটি টাকার ‘ভোটের হাসপাতাল’
লম্বা লম্বা ঘাস আর গাছগাছালিতে ঢেকে আছে গোটা হাসপাতাল চত্বর। সেখানে গরু-ছাগল চড়ছে। এখানে-সেখানে ফেনসিডিলের শতাধিক খালি বোতল পড়ে আছে। মূল ভবনের পেছনে সাতজন যুবক জুয়া খেলছে। হাসপাতালে যাওয়ার পাকা রাস্তায় অনেকেই ধান শুকাচ্ছে। গত বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলীয়ারহাট হাসপাতাল চত্বরের চিত্র এটি।আলীয়ারহাট গ্রামে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ২০ শয্যার এই হাসপাতালের নির্মাণকাজ বছর তিনেক আগে শেষ হয়। কিন্তু চিকি ৎসাসেবার কাজ এখনো শুরু হয়নি। সেখানে সবেমাত্র একজন দ্বিতীয় ও তিনজন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হলেও চিকি ৎসক না থাকায় তাঁরা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছেন। জনবলের সংকটের কারণে আলীয়ারহাট হাসপাতালে চিকি ৎসা কার্যক্রম শুরু করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। হাসপাতালের ৫০ লাখ টাকার আসবাব ও যন্ত্রপাতি বুঝে নেওয়ার লোক না থাকায় এখন তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে।স্থানীয় সূত্রগুলো বলছে, জোট সরকারের আমলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট কর্মকর্তা ফিরোজ মাহমুদ ইকবাল তাঁর নিজ গ্রামে হাসপাতাল করার উদ্যোগ নেন। এই হাসপাতাল নির্মাণে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় চার কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেয়। ২০০৫ সালের ৫ এপ্রিল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এটির নির্মাণকাজ প্রায় শেষ হয়। এর পরপরই হাসপাতালের জন্য প্রায় ৫০ লাখ টাকার আসবাব ও অত্যাধুনিক যন্ত্রপাতি পাঠানো হয়। কিন্তু এসব বুঝে নেওয়ার লোক না থাকায় তা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুদামে পড়ে আছে। এলাকাবাসীর অভিযোগ, আলীয়ারহাট থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র সাত মিনিটের পথ। সেখানে নতুন করে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের প্রয়োজনীয়তা না থাকলেও ফিরোজ মাহমুদ ইকবাল ভোটের জন্য ওই হাসপাতাল নির্মাণ করেছেন। ‘এই হবে, হচ্ছে’ করে দীর্ঘদিনেও হাসপাতালটি চালু হচ্ছে না। ফলে হাসপাতাল চত্বর জুয়াড়ি ও মাদকসেবীদের দখলে চলে গেছে। দিনে-রাতে বিভিন্ন সময়ে এখানে অসামাজিক কার্যকলাপ চলে।আলীয়ারহাট গ্রামের কৃষক আনিছুর রহমান (৪৫) বলেন, ‘হামাকেরে এলাকাত এত্ত বড় দালান দ্যাখা পরানডা ভর্যা গেচে। মনে করিছিনু কুনো অসুক হলে আর শহরোত যাওয়া লাগবি না। বাড়ির কাছোত বড় হাসপাতাল বড় দাকতোর থাকবি। কিন্তুক একন দেকিচ্ছি হাসপাতাল আচে, দাকতোর নাই। অসুক হলে হামাকোরক ওগী লিয়া সেই আগের মতোনই শহরে যাওয়া লাগে। বলেন দেকি, এত বড় হাসপাতাল কর্যা হামাকেরে পাবলিকের কী উপকার হচে।’ওই এলাকার ব্যবসায়ী সাকিব রহমান (৩৫) বলেন, ‘এ হাসপাতাল এলাকার মানুষের কাছে আশীর্বাদ না হয়ে অভিশাপে পরিণত হয়েছে। স্বাস্থ্যসেবা দূরে থাক এখন মাদকসেবীদের অত্যাচারে এলাকায় থাকা কঠিন হয়ে পড়েছে।হাসপাতালের প্রহরী ফারুক হোসেন জানান, তিনি ভয়ে মাদকসেবী বা জুয়াড়িদের বাধা দিতে পারেন না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাজা আবদুল গফুর বলেন, ‘২০ শয্যার হাসপাতালটির অবকাঠামো তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। ভেতরে সামান্য কিছু কাজ বাকি। এ কাজ শেষ এবং জনবল নিয়োগ না দেওয়ার কারণে এর কার্যক্রম চালু করা যাচ্ছে না। আর স্বাস্থ্য অধিদপ্তর এখনো হাসপাতাল ভবন আমাদের কাছে হস্তান্তর করেনি। সেখানে জুয়া খেলা ও মাদকসেবীদের আড্ডার ব্যাপারে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’