সাড়ে চার কোটি টাকার কোকেনসহ গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার হওয়া ছয়জন আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ জানায়
গ্রেপ্তার হওয়া ছয়জন আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ জানায়

সাড়ে চার কোটি টাকার কোকেনসহ ছয় চোরাচালানিকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবির উত্তর বিভাগের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খিলক্ষেত নিকুঞ্জ-২ নম্বর এলাকার ৫ নম্বর সড়কের জামান মার্কেটের সীমা ফার্মেসি নামের একটি ওষুধের দোকান ঘেরাও করে।
ওই দোকানের ভেতর একটি কক্ষে ছয় ব্যক্তি নিচুস্বরে কথা বলছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন একটি বাদামি রঙের কাগজের কার্টন লুকানোর চেষ্টা করেন। অন্যরা পালানোর চেষ্টা চালান। পুলিশ সবাইকে আটক করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. কামরুল আলম (৪০), মো. তাহের মণ্ডল ওরফে জবা (৩০) এবং তাঁদের চার সহযোগী ওষুধের দোকানের মালিক মোশারফ হোসেন ভূঁইয়া (৪৬), কাজী খলিলুল্লাহ মাহমুদ (৪০), মামুন হাওলাদার (৩৪) ও মোশারফ হোসেন ওরফে রানা (৪৪)।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কার্টনের মধ্যে ছয় পাউন্ড কোকেন রয়েছে বলে তথ্য দেন।
উদ্ধার করা ছয় পাউন্ড কোকেনের মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা বলে জানায় ডিবি। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।
সাম্প্রতিক সময়ে এটি কোকেন উদ্ধারের একটি বড় ঘটনা। এ ব্যাপারে খিলক্ষেত থানায় মামলা হয়েছে।