সাড়ে চার ঘণ্টা ডুবোচরে আটকা জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ডুবোচরে আটকা পড়েছিল এলসিটি কাজল নামের একটি জাহাজ।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাহাজটি নৌপথের নাইক্ষ্যংদিয়া এলাকার ডুবোচরে আটকা ছিল। বিকেলে জোয়ার এলে জাহাজটি ভেসে ওঠে। এরপর সেটি সেন্ট মার্টিন জেটিতে গিয়ে পৌঁছায়।
যাত্রীদের অভিযোগ, ধারণক্ষমতার অতিরিক্ত দ্বিগুণ পর্যটক পরিবহন করায় জাহাজটি ডুরোচরে আটকা পড়ে।
কেয়ারি সিন্দাবাদ জাহাজের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘নাফ নদীর মোহনা থেকে নাইক্ষ্যংদিয়া পর্যন্ত একাধিক ডুবোচর তৈরি হয়েছে। গত বছরও ডুবোচরে কয়েকটি জাহাজ আটকা পড়ার ঘটনা ঘটে। নৌপথ খনন করা না হলে যেকোনো সময় জাহাজ আটকা পড়তে পারে।’
যাত্রীরা জানান, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৯টার দিকে এলসিটি কাজল টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা করে। বেলা সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংদিয়া এলাকার ডুবোচরে সেটি আটকা পড়ে। কয়েকজন যাত্রীর অভিযোগ, জাহাজটির ধারণক্ষমতা ৩৫০ জনের মতো হলেও পর্যটক ওঠানো হয়েছিল সাড়ে সাত শতাধিক।
ওই জাহাজের যাত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ডুবোচরে আটকা পড়ার একপর্যায়ে সেন্ট মার্টিন থেকে সাতটি কাঠের ট্রলার আনা হয়। কিন্তু ওই ট্রলারে করে যেতে আবার পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা করে আদায় করা হয়। তবে শতাধিক যাত্রী জাহাজ থেকে নামেনি। বিকেলে জাহাজটি ভেসে উঠলে সাড়ে চারটার দিকে সেটি জেটিঘাটে পৌঁছায়।
এলসিটি কাজলের টেকনাফের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ভাটা হওয়ায় জাহাজটি ডুবোচরে আটকা পড়ে। অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘নৌকার মাঝিমাল্লারা চা-নাশতা খাওয়ার জন্য কিছু টাকা নিয়েছেন বলে শুনেছি।’
মাহবুবুর রহমান বলেন, স্থানীয় লোকজনসহ জাহাজটিতে সাড়ে পাঁচ শতাধিক যাত্রী ছিল। জাহাজের ধারণক্ষমতা কত? জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম বলেন, একাধিক ডুবোচর জেগে ওঠায় জাহাজটি আটকা পড়েছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে কিছু পর্যটক নিয়ে জাহাজটি টেকনাফের উদ্দেশে যাত্রা করেছে। রাত সাড়ে আটটার দিকে জাহাজটির টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছার কথা।
ইউএনও আলম বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ খতিয়ে দেখা হবে।