সাড়ে চার ঘণ্টা পর উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু
প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী দূরপাল্লার সব বাস চলাচল শুরু হয়েছে। বগুড়া ও সিরাজগঞ্জ জেলার মোটর বাস মালিক ও শ্রমিক সমিতির নেতারা এক বৈঠকে ২৫ অক্টোবর পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি জানিয়েছেন, এ ব্যাপারে আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ ও বগুড়া জেলার মালিক-শ্রমিক সংগঠনের নেতারা চান্দাইকোনা বাজারে আলোচনায় বসেন। দুই পক্ষ ২৫ অক্টোবরের মধ্যে আবারও আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়। ওই তারিখ পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে ঘোষণা দেওয়া হয়। এরপর বেলা আড়াইটার পর বাস চলাচল শুরু হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল পাঁচটা) অন্যান্য বিষয় নিয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মোটর মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক চলছিল।
পূর্বঘোষণা ছাড়াই আজ বুধবার সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন সিরাজগঞ্জের বাস মালিক ও শ্রমিকেরা। বগুড়ার বাস মালিক-শ্রমিকদের সঙ্গে সিরাজগঞ্জ বাস মালিক-শ্রমিকদের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এতে চরম দুর্ভোগের শিকার হয় যাত্রীরা।
উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের চান্দাইকোনা থেকে যাত্রীবাহী সব বাসকে ফিরিয়ে দেওয়া হয়। আজ সকালে ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার উদ্দেশে বগুড়ার মালিকদের কয়েক শ দূরপাল্লার বাস উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে রওনা দিয়ে সিরাজগঞ্জে এসে বাধার মুখে পথে আটকে থাকে।
জানা গেছে, সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত দেড় শতাধিক বাস মহাসড়কে আটকে থাকে। কিছু বাস বগুড়ার ঠনঠনিয়া কোচ টার্মিনালে ফিরে এসে যাত্রী নামিয়ে দিয়েছে। হঠাৎ এ ঘটনায় চরম দুর্ভোগের শিকার হয় যাত্রীরা। এসব বাসের বেশির ভাগ যাত্রীই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ছিলেন। আগামী শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাসে ঢাকায় যাচ্ছিলেন তাঁরা।
আরও পড়ুন:
ঢাকাগামী উত্তরবঙ্গের বাসে বাধা, বিপাকে পরীক্ষার্থীরা