সাড়ে চার ঘণ্টা পর নিউমার্কেট এলাকায় ফিরল মোবাইল ইন্টারনেট
প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর নিউমার্কেট এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার পর থেকে সেবা চালুর নির্দেশনা দেওয়া হয় মোবাইল অপারেটরদের।
অপারেটর সূত্র জানায়, সকাল থেকে দিনভর ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সরকারি নির্দেশনায় বিকেল সোয়া চারটার পর ওই এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। রাত পৌঁনে নয়টা থেকে সেখানে দ্রুতগতির ইন্টারনেট ফিরতে শুরু করে।
গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। রাত আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর আজ সকাল থেকে আবার সংঘর্ষ শুরু হয়ে বিকেল পর্যন্ত সংঘর্ষ চলে। এখনো (রাত নয়টা) মিরপুর সড়কে মুখোমুখি অবস্থান নিয়ে আছেন নিউমার্কেটের দোকানি ও ঢাকা কলেজের ছাত্ররা। ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
দেশে মোবাইল অপারেটর চারটি। এর মধ্যে দুটি অপারেটর সূত্রে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার বিষয়টি জানা গিয়েছিল।