সাড়ে চার বছর ধরে বেতন পাচ্ছেন না এক মাদ্রাসা সুপার
বিধিসম্মতভাবে নিয়োগ পাওয়ার পরও চার বছর ধরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দাইমপুর ইশারউদ্দিন দাখিল মাদ্রাসার সুপার বেতনভাতা পাচ্ছেন না। এ কারণে তাঁকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।দুপচাঁচিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০২ সালে দুর্নীতির অভিযোগে ওই মাদ্রাসার তৎকালীন সুপারসহ ১৮ জনকে চাকরিচ্যুত করা হয়। এরপর মাদ্রাসা কমিটি নতুন করে সুপার নিয়োগের জন্য ওই বছরের ৪ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে চাকরিচ্যুত সুপার আদালতে মামলা করেন। ২০০৬ সালের আদালত মামলাটি খারিজ করে দেন।এরপর শূন্য পদে সুপার নিয়োগে আইনগত কোনো জটিলতা না থাকায় মাদ্রাসা কমিটি পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। নিয়োগ কমিটি যোগ্যতার ভিত্তিতে ২০০৭ সালের ১৮ নভেম্বর বিধিসম্মতভাবে মোফাজ্জল হোসেনকে সুপার পদে নিয়োগ দেয়। নিয়োগ পাওয়ার পর থেকে সুপার মোফাজ্জল হোসেন নিয়মিত দায়িত্ব পালন করে এলেও আজ পর্যন্ত বেতনভাতা পাননি।দুপচাঁচিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি এম আবদুল হামিদ বলেন, নতুন সুপারের বেতনভাতা প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন। কিন্তু চাকরিচ্যুত সুপার মামলায় হেরে গিয়েও শিক্ষা মন্ত্রণালয়ের মীমাংসা ও সালিস কমিটির (আপিল অ্যান্ড আরবিট্রেশন) কাছে আপিল করেছেন। এ কারণে নতুন সুপারের বেতনভাতা প্রদান নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।