নির্বাচনের চার বছর সাত মাস পর আবদুস শুক্কুর মোল্লাকে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ঘোষণা করেছেন আদালত। গত মঙ্গলবার আদালত ওই রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ৩১ মার্চ কীর্তিপাশা ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শুক্কুর মোল্লা ২ হাজার ৬৮২ ভোট ও আবদুর রহিম ২ হাজার ৭৪৬ ভোট পেয়েছেন বলে ঘোষণা করা হয়। পরে আবদুর রহিমকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর শুক্কুর মোল্লা ওই বছরের ২৪ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তৎকালীন উপজেলা পশুসম্পদ কর্মকর্তা রেজাউল করিম, প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ কবির হোসেনসহ ১২ জনকে বিবাদী করে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ভোট পুনর্গণনায় শুক্কুর মোল্লা ২ হাজার ৭৯২ ভোট পান। ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক মো. হুমায়ুন কবির মঙ্গলবার শুক্কুর মোল্লাকে নির্বাচিত ঘোষণা করে রায় দেন।
বাদীপক্ষের মামলা পরিচালনা করেন শাহাদাত হোসেন।
শুক্কুর মোল্লা বলেন, ‘রায়ের কপি পাওয়ার পর আমি নির্বাচন কমিশনে আবদুর রহিমের গেজেট বাতিল করে আমার নামে গেজেটের জন্য আবেদন করব।’
এ ব্যাপারে কথা বলতে একাধিকার যোগাযোগের চেষ্টা করেও আবদুর রহিমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।