সাড়ে চার বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সম্মেলন
দীর্ঘ সাড়ে চার বছর পর ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তবে সম্মেলনের মাধ্যমে চলমান মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান বলেন, আসন্ন কেন্দ্রীয় সম্মেলন সামনে রেখে কমিটি ঘোষণা করা হয়নি। ওই দিন একই সঙ্গে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হবে। সম্মেলন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা শোভাযাত্রাসহ সম্মেলনস্থলে উপস্থিত হন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ ওবায়দুল কাদের বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা সম্মেলনে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিবের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী বক্তব্য দেন।