সাড়ে চার বছর বয়সী ভবন ফাটলে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র সাড়ে চার বছর আগে নির্মিত ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনটির অসংখ্য স্থানে ফাটল দেখা দিয়েছে। এত অল্প সময়ের মধ্যে একটি ভবনের এমন হাল হওয়ায় বিসঞ্চয় প্রকাশ করেছেন চিকিৎসক ও রোগীরা।জানা যায়, এ স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণের জন্য ২০০৬ সালের ৫ মার্চ নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগ (সিএমএমইউ) তিন কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করে। ঢাকার মিরপুরের ‘নির্মাণ প্রকৌশলী’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির নির্মাণকাজ করে। স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের অদূরেই আইনজীবী হাবিবুর রহমানের বাড়ি । তিনি জানান, নির্মাণকাজ চলার সময় ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ার মতো ঘটনা ঘটেছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দায়সারাভাবে নির্মাণকাজ করে।সমপ্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নতুন ভবনের নিচতলার চিকিৎসকের কক্ষের দরজাগুলো খসে পড়েছে। একজন কাঠমিস্ত্রি জানান, নিম্নমানের কাঠ ব্যবহারের ফলে অল্প সময়ে ঘুণে ধরে দরজার পাল্লা ও চৌকাঠ নষ্ট হয়ে গেছে। তাই চৌকাঠসহ দরজার পাল্লা খোলা রাখা হয়েছে। চিকিৎসকের কক্ষটি তাই দরজাহীন হয়ে পড়েছে।আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাজুল ইসলাম জানান, এত নিম্নমানের ভবনের কারণে গোটা হাসপাতালটি এখন ঝুঁকির মুখে রয়েছে। নিচতলার সবগুলো জানালার কাচ ভেঙে গেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচএ) আবুল কাশেম বলেন, ভবনের বিভিন্ন স্থানে ফাটলের কারণে একটা ভয় সব সময় তাড়া করে।জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান ২০০৭ সালের ৯ আগস্ট ভবনের চাবি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। স্বাস্থ্য কমপ্লেক্সের নথিপত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানের ফোন নম্বর না থাকায় অভিযোগ সম্পর্কে তাদের বক্তব্য জানা যায়নি।জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগের (সিএমএমইউ) ময়মনসিংহ কার্যালয়ের সহকারী প্রকৌশলীর দায়িত্বে থাকা আবদুল গণি প্রথম আলোকে বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে একটি নতুন ভবনের এ অবস্থা হওয়ার কথা নয়।’ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘সে সময় যাঁরা নির্মাণকাজ পরিবীক্ষণ করেছেন, তাঁরাই ভালো বলতে পারবেন।’