সাড়ে চার বছরেও কাজ শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের সাড়ে চার বছর পেরিয়ে গেলেও খুলনা নার্সিং কলেজের ভবনগুলোর নির্মাণকাজ সম্পন্ন করতে না পারায় এ বছরও বিএসসি নার্সিং কোর্স চালু করা সম্ভব হচ্ছে না।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, নার্সিং কলেজের ছয়টি ভবনের বেশির ভাগ কাজ শেষ হলেও জানালা ও দরজা লাগানোর কাজ শেষ হয়নি। এদিকে বৃষ্টির পানি ও বাতাসের আর্দ্রতার কারণে জানালার গ্রিলে মরচে ধরতে শুরু করেছে। অনেক কক্ষে পানি ও বিদ্যুৎসংযোগ দেওয়া হয়নি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সবিতা রানী মুখার্জি বলেন, ‘মহাখালী, চট্টগ্রাম ও বগুড়া নার্সিং কলেজের কাজ শেষ হওয়ার পর সেখানে এক বছর ধরে বিএসসি নার্সিংয়ের ক্লাস চলছে। অথচ আমাদের কলেজের ভবনের কাজ এখনো শেষ হলো না। শিক্ষার্থী ভর্তিও করা যাচ্ছে না। আমরা পোস্টিং নিয়ে বসে আছি। কাজ করতে পারছি না। ইতিমধ্যে কলেজে একজন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), দুজন সহকারী অধ্যাপক, আটজন প্রভাষক, তিনজন প্রদর্শক এবং একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রদর্শক ছাড়া অন্যরা এক বছর আগে নিয়োগ পেয়েছেন।’ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, খুলনা নগরের বয়রা এলাকায় ১০ একর জমির ওপর নার্সিং কলেজের ছয়টি ভবন নির্মাণের জন্য ঠিকাদারিপ্রতিষ্ঠান ‘মুন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে ২০০৬ সালের জুনে কার্যাদেশ দেওয়া হয়। এ জন্য ব্যয় ধরা হয় প্রায় সাড়ে ১৬ কোটি টাকা। এর মধ্যে একাডেমিক ভবন নির্মাণে ছয় কোটি ৩৩ লাখ টাকা এবং নার্সিং হোস্টেলসহ আরও পাঁচটি ভবন নির্মাণে ১০ কোটি ১৯ লাখ টাকা ব্যয় ধরা হয়। ১৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করে ভবনগুলো কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা থাকলেও প্রায় এক বছর পর ঠিকাদারিপ্রতিষ্ঠানটি কাজ শুরু করে। এ ছাড়া কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে কর্তৃপক্ষ কয়েকবার প্রতিষ্ঠানটিকে নোটিশ দেয়। পরে গত বছরের ৩১ অক্টোবর ওই প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়।প্রতিষ্ঠানের প্রকল্প প্রকৌশলী সেলিম মিয়া বলেন, ‘স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কলেজ নির্মাণের জায়গা প্রায় এক বছর পর বুঝিয়ে দেয়। এই সময়ের মধ্যে নির্মাণসামগ্রীর দামও বেড়ে যায়। এ কারণে কাজটি করতে গিয়ে কোম্পানির বেশ লোকসান হয়েছে। তার পরও আমরা বাকি কাজ সম্পন্ন করার জন্য সময় চেয়েছিলাম।’ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘নার্সিং কলেজের ভবনগুলোর নির্মাণকাজ শেষ হয়েছে। তবে ভবনগুলোতে দরজা-জানালা লাগানো, পানি ও বিদ্যুতের কাজ এখনো সম্পন্ন হয়নি। নির্মাণকাজে গড়িমসি করায় ঠিকাদারিপ্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়েছে। বাকি কাজ সম্পন্নের জন্য চলতি জুন মাসের মধ্যে নতুন করে দরপত্র আহ্বান করা হবে। শিগগির সেবা পরিদপ্তরের কাছে নার্সিং কলেজের ভবনগুলো হস্তান্তর করা হবে।’