সাড়ে চার বছরেও সেতু হয়নি
এপারে নড়াইলের লোহাগড়া। ওপারে গোপালগঞ্জের কাশিয়ানি। মাঝখানে মধুমতী নদী। দুই পারের মানুষের কয়েক যুগের দাবি, নদী পারাপারের জন্য কালনা পয়েন্টে একটি সেতু।২০০৮ সালের ১৯ ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ থেকে সড়কপথে কালনায় ফেরি পার হয়ে নড়াইলে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন। ওইদিন নড়াইলের সুলতান মঞ্চে নির্বাচনী জনসভায় কালনা পয়েন্টে মধুমতী নদীতে সেতু নির্মাণ করার অঙ্গীকার করেন তিনি।তিন বছর পর ২০১২ সালের ২৮ জানুয়ারি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা পরিদর্শনে এসে কালনা ঘাটে জনসভায় ভাষণ দেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি তিন বছরেও বাস্তবায়নের কোনো পদক্ষেপ না নেওয়ায় বিস্মিত হয়ে তখনই তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান প্রকৌশলীকে প্রয়োজনীয় কাজ শুরুর নির্দেশ দেন। এ সরকারের মেয়াদেই কালনায় সেতু বাস্তবায়িত হবে বলে ঘোষণা দেন তিনি। কিন্তু সেই অঙ্গীকার বাস্তবায়নের কোনো পদক্ষেপ না দেখে হতাশ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার মানুষ।সেতু নির্মাণের দাবিতে স্থানীয় বিভিন্ন সংগঠন প্রায়ই মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। নড়াইলে সেতু বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক সাইফ হাফিজুর রহমান বলেন, এ সেতু নির্মিত হলে ঢাকা থেকে বেনাপোল স্থল ও মংলা সমুদ্রবন্দরের দূরত্ব অর্ধেক কমে যাবে। এতে বছরে প্রায় দুই কোটি লিটারেরও বেশি জ্বালানি তেল সাশ্রয় হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমানের অভূতপূর্ব উন্নতি হবে।সওজ বিভাগ ও পরিবহন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালনায় সেতু হলে ঢাকার সঙ্গে মংলা সমুদ্রবন্দর, শিল্প ও বাণিজ্যিক শহর নওয়াপাড়া এবং যশোর, সাতক্ষীরা, মাগুরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলার দূরত্ব প্রায় অর্ধেক কমে যাবে।সওজ গোপালগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. জাকির আলম জানান, সেতুর সম্ভাব্য স্থান ও দূরত্ব নির্ণয় করতে সম্প্রতি যোগাযোগ মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে। এ জন্য হয়তো এক মাসের মধ্যে বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। এ ছাড়া পাঁচ-ছয় মাস আগে মন্ত্রণালয়ের নির্দেশে এ সেতুর জন্য ২৭১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠানো হয়েছে, যেটি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে।