সাড়ে চার মাসেও ওভারব্রিজ মেরামত হয়নি, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা রেলস্টেশনের একমাত্র ওভারব্রিজটি ভেঙে যাওয়ায় সাড়ে চার মাসেও এটি মেরামত না করায় প্রতিদিন হাজার হাজার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রেলওয়ে সূত্রে জানা যায়, গত ১১ জুলাই দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই এলাকায় মহানগর প্রভাতী ট্রেনের তিনটি বগি দুর্ঘটনাকবলিত হয়। বগিগুলো উদ্ধারে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন লালমাই যায়। ওই দিন বিকেলে ট্রেনটি লালমাই থেকে ফেরার পথে কুমিল্লা রেলস্টেশন অতিক্রম করার সময় এর ধাক্কায় ওভারব্রিজের প্রায় অর্ধেক অংশ ভেঙে যায়। গত বুধবার সরেজমিনে দেখা গেছে, ওভারব্রিজে উঠে পার হতে না পেরে যাত্রীরা ফিরে আসছেন। ওভারব্রিজ ভেঙে পড়েছে এমন কোনো সতর্কবাণী বা নির্দেশনা লেখা নেই। এ ছাড়া ওভারব্রিজের রডগুলোও বাঁকা হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবীর, আক্তার হোসেন ও রেজাউল হক জানান, কুমিল্লা রেলস্টেশনের দুটি লাইনে ট্রেন থামে। প্ল্যাটফর্মের পশ্চিম পাশে ট্রেন এলে যাত্রীদের ওভারব্রিজ ছাড়া পার হওয়ার পথ নেই। এতে অনেক যাত্রী ট্রেন ধরতে পারেন না। রেলওয়ের একাধিক কর্মকর্তা জানান, প্রতিদিন এ স্টেশন হয়ে ২৮টি যাত্রীবাহী ট্রেন, আটটি কনটেইনার ট্রেন ও কয়েকটি মালামালবাহী ট্রেন যাতায়াত করে। ওভারব্রিজটি দ্রুত মেরামত করা না হলে যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।বাংলাদেশ রেলওয়ে, কুমিল্লার সহকারী নির্বাহী প্রকৌশলী সামছুল আলম প্রথম আলোকে বলেন, ‘১১ জুলাই ওভারব্রিজটি ভেঙে যাওয়ার পর একটি তদন্ত হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দ্রুত কাজ করার সুপারিশ করা হয়।’কুমিল্লা রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এরই মধ্যে স্লাব নির্মাণের কাজ শুরু হয়েছে। শিগগির সেটি মেরামত করা হবে।’