সাড়ে চার লাখ অদক্ষ-অপ্রশিক্ষিত চালকের কারণেই দুর্ঘটনা ঘটছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে যানবাহনের সংখ্যা সাড়ে ১৩ লাখ। এসব গাড়ির জন্য লাইসেন্সধারী চালকের সংখ্যা সাড়ে নয় লাখ। বাকি সাড়ে চার লাখ গাড়ি চালাচ্ছে অদক্ষ ও অপ্রশিক্ষিত চালক। এ কারণেই দেশের বিভিন্ন স্থানে ঘটছে দুর্ঘটনা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বুয়েটের দুর্ঘটনা গবেষণাকেন্দ্র (অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট—এআরআই)। গতকাল সোমবার এআরআই আয়োজিত ‘ড্রাইভিং ইনস্ট্রাক্টর প্রশিক্ষণ’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দ্রুত গতিতে চলার কারণেই সাভারের তুরাগ নদীতে একটি বাস ডুবে গেছে। সেতুতে কোনো রেলিং না থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে। তবে যে গতিতে বাসটি চলছিল, তাতে বাসটি রেলিং ভেঙেই পড়ে যেত বলে তাঁরা মত দেন। এআরআইয়ের পরিচালক অধ্যাপক শামসুল হক বলেন, দক্ষ ও নিরাপদ চালক তৈরির জন্য প্রতি জেলায় সরকারিভাবে ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তুলতে হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাংসদ এম এস আকবর বলেন, ‘আমরা এমন একটা দেশে বাস করি, যেখানে বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, ফিটনেস না থাকলেও গাড়ির ফিটনেস সার্টিফিকেট পাওয়া যায়।’ নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ৪২টি কারণ আমরা চিহ্নিত করেছি। শুধু মানসিকতার পরিবর্তন করলেই দুর্ঘটনার ৩৫টি কারণ আমরা দূর করতে পারি।’অশিক্ষিত লোকদের গাড়ি চালানোর প্রশিক্ষণ না দিতে ড্রাইভিং ইনস্ট্রাক্টরদের অনুরোধ করেন পুরকৌশল অনুষদের ডিন এম মনোয়ার হোসেন। প্রশিক্ষণে অংশ নেওয়া এক ড্রাইভিং ইনস্ট্রাক্টর লোকমান হোসেন বলেন, ‘আগে মনে হতো, জোরে চালাতে না পারলে আমি কিসের ড্রাইভার! কিন্তু প্রশিক্ষণের পর মনে হচ্ছে, জোরে গাড়ি চালানো মানে মৃত্যুর দিকে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া।’ আয়োজকেরা জানান, গত ২৮ সেপ্টেম্বর ড্রাইভিং ইনস্ট্রাক্টরদের ১৫ দিনের ওই প্রশিক্ষণ শুরু হয়। ড্রাইভিং ইনস্ট্রাক্টর ও চালকদের জন্য দুর্ঘটনা গবেষণাকেন্দ্র ৩৬৫ পৃষ্ঠার একটি নির্দেশিকা তৈরি করেছে। বুয়েটের সহ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্সের সমন্বয়কারী মো. মাহবুব আলম তালুকদার বক্তব্য দেন।