রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল-সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছেন র্যা ব-১০-এর ভ্রাম্যমাণ আদালত। জব্দ হওয়া এসব ওষুধের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। নকল ওষুধ প্রস্তুত ও বিক্রির অভিযোগে আবদুল মান্নান নামে এক দোকানমালিককে ছয় মাসের কারাদণ্ড দেন অভিযানের নেতৃত্বদানকারী র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
সারওয়ার আলম বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা ওয়াজিউল্লাহর উপস্থিতিতে গতকাল বেলা তিনটার দিকে ওই এলাকার খান মার্কেটের পাঁচটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় মার্কেটটির রহমান ফার্মেসি, এফএন মেডিকেল, আজমেরী মেডিকেল হলকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা এবং মেরী মেডিকেল স্টোরকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রউফ মেডিকেল হলের মালিক আবদুল মান্নানকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সারওয়ার আলম বলেন, এসব দোকান থেকে নয়টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নকল ট্যাবলেট ও চেতনানাশক ইনজেকশন জব্দ করা হয়। বাইরে থেকে এ ধরনের ওষুধ তৈরি করে এই দোকানগুলোতে প্যাকেট করা হতো। নকল ওষুধ তৈরির কারখানাগুলোর সন্ধান করা হচ্ছে।