সাড়ে চার লাখ মণ কাঠ পোড়ে বরগুনার ইটভাটাগুলোতে

বরগুনা জেলায় ২১টি ইটভাটার অনুমোদন দিয়েছে পরিবেশ অধিদপ্তর। কিন্তু ৪৪টিরও বেশি ভাটা ও পাঁজায় (চিমনি ছাড়াই ইট পোড়ানো হয়) অবৈধভাবে প্রতি মাসে অন্তত চার লাখ ৬২ হাজার মণ কাঠ পোড়ানো হচ্ছে। বেশির ভাগ ইটভাটাই আইন লঙ্ঘন করে লোকালয় ও ফসলি জমিতে স্থাপন করা হয়েছে। ২৩টি ভাটা পরিবেশসম্মত চিমনি ব্যবহার করছে না।
সব মিলিয়ে সিডর-আইলাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত জেলা বরগুনায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যেও চোখ বন্ধ করে বসে আছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান প্রথম আলোকে বলেন, ইটভাটায় ব্যবহারের জন্য নির্বিচারে বৃক্ষ নিধনের বিষয়টি খুবই উদ্বেগের। কারণ, সিডর-আইলাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এসব বৃক্ষ জানমালের সুরক্ষা কবচ হিসেবে কাজ করেছে। ব্যাপক হারে বৃক্ষ নিধনের ফলে কার্বন নিঃসরণের পরিমাণ বাড়বে। উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ-প্রতিবেশ হুমকিতে পড়বে।
ইটভাটার সংখ্যা নিয়ে বিভ্রান্তি: পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস জানান, বরগুনায় সব মিলিয়ে ৪৪টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ২১টির ছাড়পত্র রয়েছে। ১১টি ভাটায় ১২০ ফুট উচ্চতার চিমনি ও ১২টির ড্রাম চিমনি আছে; যা পরিবেশের জন্য ক্ষতিকর।
জেলা প্রশাসকের কার্যালয় ইট পোড়ানোর জন্য ২৫টি ভাটাকে লাইসেন্স দিয়েছে। অন্যদিকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বরগুনা সার্কেলের দুই কর্মকর্তারা জানান, জেলায় মূল্য সংযোজন কর (ভ্যাট) দেয় এমন নিবন্ধিত ভাটা রয়েছে ৩৫টি। তবে স্থানীয় হিসাবে জেলায় কমপক্ষে ৫০টি ভাটা ও পাঁজা রয়েছে।

পদে পদে আইন লঙ্ঘন: বেশ কয়েকটি ইটভাটার শ্রমিকেরা জানান, নিয়মানুযায়ী কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা থাকলেও মূলত কাঠ দিয়েই ইট পোড়ানো হচ্ছে। প্রতিটি ভাটায় দৈনিক ৩৫০ থেকে ৪০০ মণ জ্বালানি কাঠ প্রয়োজন। ৩৫০ মণ হিসাবে প্রতিটি ভাটায় মাসে প্রয়োজন ১০ হাজার ৫০০ মণ কাঠ। সে হিসাবে ৪৪টি ভাটায় মাসে চার লাখ ৬২ হাজার মণ কাঠ ব্যবহূত হচ্ছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী হাইব্রিড হফম্যান, জিগজ্যাগ ও ভার্টিক্যাল শ্যাফট কিলন পদ্ধতির চিমনি বা পরীক্ষিত নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব ইটভাটা স্থাপন করার বিধান। বরগুনা জেলা ভাটা মালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী জেলায় মাত্র ১৯টি ভাটায় পরিবেশসমঞ্চত জিগজ্যাগ চিমনি আছে। বাকি ভাটায় স্থায়ী (ফিক্সড) ও ড্রাম চিমনির।
সরেজমিনে পাথরঘাটার বিষখালী নদীর তীরের কূপদোন এলাকায় দেখা যায়, আরএসএফ এন্টারপ্রাইজ নামের একটি ইটভাটা গড়ে তোলা হয়েছে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ঘেঁষে প্রায় ১৩ একর ফসলি জমিতে। ফারুক ফকিরসহ কয়েকজন কৃষক অভিযোগ করেন, ভাটার নির্গত ধোঁয়ায় আশপাশের জমিতে ফলন অর্ধেকে নেমে গেছে। এ জন্য অনেকেই ভাটামালিকের কাছে জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তাঁর তিন ফসলি জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে।
ভাটামালিক আবদুর রাজ্জাক বলেন, ‘আমি জোর করে কারও জমি কিনিনি; বরং এখন অনেকে আমার কাছে জমি বিক্রি করতে চাইছেন।’
আমতলী উপজেলার কুতুবপুর গ্রামে গিয়ে দেখা যায়, প্রায় সাত একর জমির ওপর আরএফএমএস ব্রিকস নামের একটি ইটভাটায় ড্রাম চিমনি বসিয়ে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এসব কাঠ ভাটার মধ্যে স্থাপিত করাতকলে চেরাই করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ভাটার শ্রমিকেরা জানান, প্রতিদিন এই ভাটায় ৪০০ থেকে ৪৫০ মণ কাঠ জ্বালানি হিসেবে ব্যবহূত হয়।
ভাটার চারপাশে কমপক্ষে ২০০ থেকে ২৫০ একর ফসলি জমি ও তিন শতাধিক বসতবাড়ি রয়েছে। আরএফএমএসের মালিকের ভাই সফিউল বাশার বলেন, ‘এক বছর আগে ভাটাটি আরেকজনের কাছ থেকে কিনেছি। জিগজ্যাগ চিমনি স্থাপন করার চেষ্টা চালাচ্ছি।’
একই উপজেলার তালুকদার বাজার এলাকায় এইচআরটি ব্রিকস নামে আরেকটি ভাটায় ড্রাম চিমনিতে কাঠ দিয়ে ইট পোড়াতে দেখা যায়। ভাটার সামান্য দূরে পূর্ব চাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চাওড়া ফাজিল মাদ্রাসা ও তালুকদার বাজার অবস্থিত।
ওই এলাকার মধ্যচন্দ্রা এলাকায় লুৎফর রহমান খানের মালিকানাধীন এইচবিএম ব্রিকস নামের ভাটাটিও স্থাপন করা হয়েছে ফসলি জমি ও লোকালয়ে। ওই ভাটায়ও ড্রাম চিমনি ব্যবহার করে কাঠ দিয়ে ইট পোড়াতে দেখা যায়। সেখানে অন্তত ১০টি শিশু ঝুঁকিপূর্ণভাবে ইট বহন করছিল।
শিশুরা জানায়, তাদের মা-বাবা ওই ভাটায় কাজ করেন। তারা কাজ করলে প্রতিদিন ৪০ টাকা করে পায়।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, অচিরেই অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে।