সাড়ে চার হাজার চারা গাছ মাটিচাপা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে সামাজিক বন বিভাগের আওতায় চরদরবেশ ইউনিয়নের বেড়িবাঁধ মেরামতের কাজে ঠিকাদারের গাফিলতিতে উপকারভোগীদের লাগানো সাড়ে চার হাজার দুই বছর বয়সী বিভিন্ন প্রজাতির গাছের চারা মাটিচাপা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গ্রামবাসী অভিযোগ করেন, সামাজিক বন বিভাগের আওতায় স্থানীয় উপকারভোগীরা স্থানীয় বন বিভাগের সহায়তায় ২০১০ সালে চরদরবেশ ইউনিয়নের আদর্শ গ্রাম রাস্তার মাথা থেকে ২৬ নম্বর গুচ্ছগ্রাম পর্যন্ত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে প্রায় ১১ হাজার গাছের চারা রোপণ করেন। ভাঙা বেড়িবাঁধ মেরামতের জন্য ফেনী পাউবো দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে। ইতিমধ্যে ঠিকাদার তাঁর লোকজন নিয়ে কাজ শুরু করেন। কিন্তু একপর্যায়ে ঠিকাদার দিনমজুর দিয়ে কাজ বন্ধ করে এক্সেভেটর মেশিন দিয়ে কাজ শুরু করে। এতে ওই মেশিনে কাটা মাটি সরাসরি কৃষকদের লাগানো গাছগুলোর ওপর পড়ে সেগুলো মাটি চাপা পড়ছে। বেড়িবাঁধের যেটুকু অংশ এক্সেভেটর মেশিন দিয়ে কাটা হয়েছে, সে এলাকায় অন্তত সাড়ে চার হাজার গাছ মাটি চাপা পড়েছে। বর্তমানে সেখানে চারা গাছগুলোর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। গাছের উপকারভোগী দলনেতা আবদুল কাদের ও সদস্য আইয়ুব আলী অভিযোগ করেন, ‘পাউবো কর্তৃপক্ষের নিয়োজিত ঠিকাদার শুধু গাছগুলোকে মাটিচাপা দেননি, আমাদের বেঁচে থাকার স্বপ্নকেও মাটিচাপা দেওয়া হয়েছে। অনেক শ্রম দিয়ে উপকারভোগীরা গাছগুলো লালন-পালন করেন। তাঁদের লাভের জন্য আমাদের বিরাট ক্ষতি হয়েছে।’ বন বিভাগের সোনাগাজী উপজেলা রেঞ্জ কর্মকর্তা দীপক রঞ্জন সাহা বলেন, এক্সেভেটর মেশিন দিয়ে মাটি কেটে বেড়িবাঁধে ফেলায় গাছগুলো মাটি চাপা পড়ে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।স্থানীয় পাউবোর শাখা কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, বড় গাছগুলোর তেমন ক্ষতি হচ্ছে না। তবে কিছু ছোট গাছ মাটি চাপা পড়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এক্সেভেটর মেশিন দিয়ে মাটি কাটলে পানি থেকেও মাটি উঠানো যায়। কাদা মাটি দিয়ে মেরামত করা হলে বেড়িবাঁধ অনেকটা মজবুত হয়। গাছের চারাগুলো যাতে নষ্ট না হয় সে জন্য উপকারভোগীদের লক্ষ্য রাখতে অনুরোধ জানানো হয়েছে।