সাড়ে চার হাজার শিক্ষার্থী বই পায়নি
কুমিল্লার হোমনা উপজেলায় সপ্তম শ্রেণির প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী দুই মাসেও ছয় বিষয়ের বই পায়নি। এতে পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, হোমনা উপজেলায় ১৭টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ৪ হাজার ২০০ শিক্ষার্থী রয়েছে।
কয়েকজন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালের সপ্তম শ্রেণির গণিত, বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, সমাজ, ধর্ম ও সাধারণ বিজ্ঞানের কোনো বই এখনো পাওয়া যায়নি।
খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, দুই মাসেও সপ্তম শ্রেণির পাঁচ বিষয়ের বই পাওয়া যায়নি। এই দুই মাস বই না পাওয়ায় শিক্ষার্থীদের কিছুটা ক্ষতি তো হয়েছেই বলতে হবে। তবে শুনেছি গণিত বই বাদে অন্য সব বই উপজেলায় চলে এসেছে। গণিত বই এলে একসঙ্গে সব বই দেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘গণিত বাদে অন্য সব বই উপজেলায় এসেছে। গণিত বই এলেই সব বই বিতরণ করা হবে। বই পায়নি বলে আপনারা খোঁজখবর নিচ্ছেন, এতে আমার খারাপ লাগছে।’
কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ‘কুমিল্লার নয়টি উপজেলায় সপ্তম শ্রেণির ছয়টি বিষয়ে বই সরবরাহ না থাকায় সময়মতো দেওয়া সম্ভব হয়নি। কুমিল্লার অন্য সব উপজেলায় বই পাঠানো হলেও হোমনায় কোনো বই যায়নি। তবে আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে হোমনায় আর বইয়ের সংকট থাকবে না।’