সাড়ে ছয় কিলোমিটারে ৪২টি ঝুঁকিপূর্ণ বাঁক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার তিনটি ইউনিয়নের ওপর দিয়ে যাওয়া দুটি সড়কের সাড়ে ছয় কিলোমিটার রাস্তায় ৪২টি বাঁক রয়েছে। এ কারণে এসব স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এরপর নানা প্রয়োজনে প্রতিদিন এসব স্থান দিয়ে কয়েক হাজার লোক বিভিন্ন যানবাহনে ঝুঁকি নিয়ে চলাচল করছে। সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট সেতু থেকে পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে হয়ে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের আলীপুর ইউনিয়নের কামালদিয়া পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটারে কয়েক শ গজ পর পর ৪২টি বাঁক রয়েছে। প্রতিদিন গোয়ালন্দসহ আশপাশের এলাকা ও রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বাসিন্দারা সহজ এবং কম সময়ে রাজবাড়ী পৌঁছাতে এই রাস্তাটি ব্যবহার করে থাকে।খানখানাপুর ইউপি চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন বলেন, দৌলতদিয়া-খুলনা মহাসড়ক থেকে খানখানাপুর ইউনিয়নের ভেতর দিয়ে যাওয়া এই সড়কের অনেক বাঁক রয়েছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি এ ইউনিয়নের ফয়জুদ্দিন মাতুব্বরপাড়ার হাকিম শেখের বাড়ির সামনে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে এ ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হবিবুর রহমানসহ কয়েকজন আহত হন। প্রতি মাসে এ রকম ১৫-১৬টি দুর্ঘটনা ঘটে। খানখানাপুরের ব্যবসায়ী মো. রুশু গাজী বলেন, খানখানাপুর বাজারে ঢুকতে কেষ্টপুর, ভাণ্ডারিয়া, কৃষ্ণপুর ও কামালদিয়া এলাকার অন্তত ১৫-২০টি বাঁক খুবই ঝুঁকিপূর্ণ। এসব বাঁকের এক পাশ থেকে অন্য পাশের কিছুই দেখা যায় না। ফলে এখানে প্রায়ই মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। কলেজছাত্র আবদুল কাদের বলেন, অনেক সময় কোনো যানবাহন বা মোটরসাইকেল দ্রুতগতিতে আসতে গিয়ে মোড় ঘোরার সময় মুখোমুখি লেগে বা একটি যান অপরটিকে পাশ দিতে গিয়ে রাস্তার ঢালুতে পড়ে যায়। এতে করে অধিকাংশ যাত্রী বা চালকদের হাত-পাসহ বিভিন্ন অঙ্গ নষ্ট হয়ে যায় । স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোজাহিদুল ইসলাম বলেন, ‘সড়ক সোজা করার ব্যাপারে জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন যৌথভাবে আবেদন করলে আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাতে পারি।’