সাড়ে ছয় বছরেও কাজ শেষ হয়নি
হাসপাতাল এলাকায় ছয়টি অসম্পূর্ণ ভবনের কাঠামো দণ্ডায়মান। ওই অসমাপ্ত ভবনগুলোর ভেতর মানুষের মলমূত্র। সামনের খোলা জায়গায় স’ মিলের সারি সারি কাঠের গুঁড়ি। একপাশে রয়েছে গরুর খড়। এর ভেতরের একটি ভবনে চলছে বাগমারা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম। এ রকম অবস্থার মধ্যে পড়ে আছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। সাড়ে ছয় বছরেও শেষ হয়নি হাসপাতালটির অবকাঠামোগত কাজ। স্থানীয় বাসিন্দারা একে একটি গোচারণভূমি হিসেবে আখ্যায়িত করেছেন। গত রোববার সরেজমিনে গিয়ে ওই দৃশ্য দেখা গেছে।কুমিল্লা জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৩ জুলাই তৎকালীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী ওই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় এক একর ৫৬ শতক জায়গা নিয়ে ওই হাসপাতাল এলাকা। রাজধানী ঢাকার দিলকুশা এলাকার ঠিকাদারিপ্রতিষ্ঠান সুরমা ইন্টারন্যাশনাল ওই দিনই কাজ শুরু করে। ২০০৭ সালের ১২ জানুয়ারির মধ্যে ওই কাজ শেষ করার কথা ছিল। কিন্তু জরুরি অবস্থা জারির পর ঠিকাদার আর কাজ করেননি। এ অবস্থায় ৫৭ ভাগ কাজ করার পর ঠিকাদার কাজ ফেলে চলে যান। ফলে ওই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাঁচ কোটি ৪২ লাখ ২৮ হাজার ৬৪৩ টাকা ওই হাসপাতাল নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়। ঠিকাদার সেখানে হাসপাতালের জন্য একটি দ্বিতলবিশিষ্ট মূল ভবন, একতলাবিশিষ্ট দুটি ডক্টরস কোয়ার্টার, একটি স্টাফ কোয়ার্টার ও আরও দুটি ভবনের কাঠামো তৈরি করেন। ওই সময় ঠিকাদার তিন কোটি আট লাখ এক হাজার ৫৩৬ টাকার কাজ করে বিল তুলে নেন। এ মুহূর্তে বাকি কাজ সম্পন্ন করতে তিন কোটি ৮৮ লাখ ৩৫ হাজার ১১৪ টাকা প্রয়োজন হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। কুমিল্লা জেলার সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্বাস উদ্দিন জানান, ২০১১-১২ অর্থবছরে পুনরায় দরপত্র আহ্বানের মাধ্যমে বাকি কাজ সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আশা করা যাচ্ছে, চলতি বছরের জুন মাসের মধ্যে টাকা পেলে কাজ শুরু করা হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইভি) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. সেকান্দর আলী প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত ৫৭ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ করার জন্য চেষ্টা করছি।’