সাড়ে ছয় বছরেও সরানো হয়নি ফেরি দুটি!
তৈলারদ্বীপ সেতু চালুর সাড়ে ছয় বছর পার হলেও চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী উপজেলার মধ্যবর্তী শঙ্খ নদের ফেরি দুটি এখনো পড়ে আছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এরই মধ্যে একটি ফেরি নষ্ট হয়ে গেছে।
সূত্র জানায়, ২০০৬ সালের ২৯ আগস্ট আনোয়ারা-বাঁশখালী উপজেলার মধ্যবর্তী শঙ্খ নদের ওপর নির্মিত তৈলারদ্বীপ সেতু উদ্বোধন করা হয়। কিন্তু এখনো ওই নদী থেকে ফেরি সরিয়ে নেয়নি সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ফেরিগুলোর পাহারায় রয়েছেন সওজের তিন কর্মী।
জানা যায়, আশির দশকে তৈলারদ্বীপ-চানপুর পয়েন্টে ফেরি সার্ভিস চালু করা হয়। পরে ২০০১ সালে ফেরিঘাট-সংলগ্ন এলাকায় তৈলারদ্বীপ সেতুর নির্মাণকাজ শুরু হয়। ওই বছরের ১৭ জানুয়ারি সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়। ২০০৬ সালের ২৯ আগস্ট তৈলারদ্বীপ সেতু উদ্বোধন করা হয়। কিন্তু সাড়ে ছয় বছর পার হয়ে গেলেও সওজ ফেরিঘাটের ফেরি দুটি সরিয়ে নিতে পারেনি। সওজ সূত্র জানায়, দীর্ঘদিন পড়ে থাকায় একটি ফেরি নষ্ট হয়ে গেছে।
সওজের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ভালো ফেরিটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। অন্য ফেরিটি নিলামে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।