সাড়ে ছয় মাস পর ঝিনাইদহে পৌঁছেছে দুই লাখ বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সাজেদুর রহমান। শিক্ষাবর্ষের সাড়ে ছয় মাস পার হলেও বেশ কয়েকটি বই হাতে পায়নি সে। গত বৃহস্পতিবার তার হাতে তুলে দেওয়া হয়েছে ইংরেজি, কৃষিশিক্ষাসহ চারটি বই। এর দুই দিন পরই রোববার (আজ) তার দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হচ্ছে। এখন সে পরীক্ষায় ভালো ফল করতে পারবে কি না, তা নিয়ে শঙ্কিত। সাজেদুরের মতো অবস্থা জেলার অনেক শিক্ষার্থীরই। কারণ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অনেক শিক্ষার্থী এখনো কোনো কোনো বিষয়ের বই পায়নি।জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার ছয়টি উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে এক লাখ ১০ হাজার শিক্ষার্থী রয়েছে। ১৯ জুলাই পর্যন্ত জেলায় ইংরেজি, কৃষিশিক্ষা, রচনাসম্ভার, ধর্ম, সমাজবিজ্ঞানসহ বেশ কয়েকটি বিষয়ের প্রায় দুই লাখ বইয়ের সংকট ছিল। সমপ্রতি জেলা শিক্ষা অফিসে এসব বই পৌঁছায়। শিক্ষা অফিস থেকে ২০ জুলাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বই বিতরণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা এসব বই পাচ্ছে আরও দুই থেকে তিন দিন পর। এখনো অনেক বই বিতরণ বাকি আছে। কালীগঞ্জ উপজেলার বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে শিক্ষার্থী আছে এক শ জন। এর মধ্যে গত সাত মাসে সমাজবিজ্ঞান বই পায়নি ৫৩ জন, যাদের মধ্যে ৫০ জনই প্রথম সাময়িক পরীক্ষায় ফেল করেছে। দ্বিতীয় সাময়িক পরীক্ষার দুই দিন আগে তারা বই পেয়েছে। তাই এই পরীক্ষায়ও বেশির ভাগ শিক্ষার্থী ফেল করবে বলে আশঙ্কা প্রধান শিক্ষক রফিরোজ মাহমুদের। কোটচাঁদপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, রোববার থেকে জেলার সব স্কুলে মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষার্থীরা বই না পাওয়ায় প্রথম সাময়িক পরীক্ষায় ফেলের হার বেড়েছে। পরীক্ষার দুই দিন আগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেও ওই পরীক্ষার জন্য সে বই কোনো কাজে আসবে না। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী জানান, সময়মতো বই ছাপা না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ১৭ জুলাই থেকে দুই দিনে প্রায় দুই লাখ বই এসে পৌঁছেছে। তবে শিক্ষার্থীদের তাঁরা আগে থেকেই বই বিনিময় করে পড়ার জন্য বলে দিয়েছিলেন। তারাও সহপাঠীদের বই নিয়ে পড়ালেখা করেছে। এ কারণে ততটা প্রভাব পড়বে না বলে মনে করেন তাঁরা। তিনি বলেন, বর্তমানে চাহিদার সব বই তাঁর দপ্তরে রয়েছে। তবে এখনো বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ বই নিতে আসেনি।