উচ্ছেদ: শেওড়াপাড়া থেকে মিরপুর বাঙলা কলেজ পর্যন্ত সড়ক
সাড়ে তিন কিলোমিটার সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ

শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে মধ্য পীরেরবাগ হয়ে সরকারি বাঙলা কলেজ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নকশা অনুযায়ী সড়কটির প্রস্থ ৩০ ফুট। দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে বাস্তবে সড়কটির প্রস্থ দাঁড়ায় কোথাও ১০ ফুট, কোথাও ১৫ ফুট।
রাজউকের উচ্ছেদ অভিযান শেষ হলে সড়কটির সংস্কারকাজ শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল বুধবার উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে এসে ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেন, সড়কটি সংস্কারের দরপত্র হয়ে গেছে। আন্তবিভাগীয় সমন্বয় সভার সিদ্ধান্ত অনুসারে ডিএনসিসির প্রস্তাব অনুযায়ী রাজউক এই উচ্ছেদ চালাচ্ছে।
রাজউক সূত্রে জানা যায়, নকশা অনুযায়ী পশ্চিম শেওড়াপাড়া থেকে মধ্য পীরেরবাগ, আগারগাঁও ৬০ ফুট সড়ক, দক্ষিণ পাইকপাড়া, কল্যাণপুর নতুন বাজার হয়ে মিরপুর বাঙলা কলেজ পর্যন্ত একটি সংযোগ সড়ক আছে। দুপাশের ভবনমালিকেরা নকশাবহির্ভূতভাবে সড়কটির অর্ধেকের বেশি অংশ দখল করে রেখেছেন। এ কারণে সড়কটি সংকুচিত হয়ে গেছে। রাজউক দীর্ঘদিন ধরে সড়কটি দখলমুক্ত করার চেষ্টা করছে।
২ জানুয়ারি ডিএনসিসির সঙ্গে চারটি সংস্থার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএনসিসি এলাকার বেশ কিছু সড়কে নকশাবহির্ভূতভাবে বাড়ি নির্মাণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে কল্যাণপুর, পীরেরবাগ, শেওড়াপাড়া পর্যন্ত এই সড়কটিও ছিল। সভায় সড়কগুলো দখলমুক্ত করতে উচ্ছেদ চালানোর সিদ্ধান্ত হয়। এরপর রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে উচ্ছেদ পরিচালিত হচ্ছে। গত ১৮ জানুয়ারি সড়কটিতে প্রথমবার উচ্ছেদ চালায় রাজউক। গতকাল ছিল উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন। ইতিমধ্যে অর্ধশতাধিক ভবনের অংশবিশেষ ভেঙেছেন উচ্ছেদকারীরা। অলিউর রহমান বলেন, শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে আগারগাঁও ৬০ ফুট সড়ক পর্যন্ত সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা ভবনের অংশবিশেষ ভেঙে ফেলা হচ্ছে। পর্যায়ক্রমে ৬০ ফুট সড়কের অপর পাশ থকে বাঙলা কলেজ পর্যন্ত অংশে উচ্ছেদ চালানো হবে।
গতকাল সড়কটি ঘুরে দেখা যায়, মধ্য পীরেরবাগ, দক্ষিণ পীরেরবাগ, ফুলকি নার্সারি স্কুল ও নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের সামনে, অলি মিয়ার টেক, পীরেরবাগ কালভার্টসহ সড়কের একটি অংশের অধিকাংশ ভবনের কিছু অংশ ভাঙা হয়েছে। পুরো সড়কটি ভাঙাচোরা, এবড়োখেবড়ো। দীর্ঘদিন সড়কটি সংস্কার হয়নি।
গতকাল দুপুরে মেয়র আনিসুল হক উচ্ছেদ অভিযান পরিদর্শনে আসেন। আনিসুল হক বলেন, ৩০ ফুট রাস্তাকে কোথাও ৮ ফুট, কোথাও ১০ ফুট বানিয়ে ফেলা হয়েছে। রাস্তার ওপর ভবন বানিয়ে ফেলা হয়েছে। গত ২৫-৩০ বছরে সড়কটি খালি করা যায়নি। রাজউক ও সিটি করপোরেশন শক্ত পদক্ষেপ নিয়েছে। রাজউক উচ্ছেদ করে দিলেই সিটি করপোরেশন সড়কটি উন্নয়নের কাজ শুরু করবে। তিন মাসের মধ্যে নতুন, চওড়া রাস্তা করা হবে।
সড়কটি ডিএনসিসির তিনটি ওয়ার্ডের মধ্যে পড়েছে। ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হারুন-অর-রশিদ, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ুন রশীদ উচ্ছেদকাজের তদারক করছেন।
কাউন্সিলর হুমায়ুন রশীদ প্রথম আলোকে বেলন, কয়েক বছর আগেও সড়কটি ১২ ফুট ছিল। এলাকাবাসীর সঙ্গে কথা বলে সড়কটি ২৪ ফুট করার সিদ্ধান্ত হয়। তখন অনেকেই বাড়ির সামনের বর্ধিত অংশ সরিয়ে নেন। যাঁরা অবৈধ স্থাপনা সরিয়ে নেননি, সেগুলো উচ্ছেদে রাজউকের সহায়তা নেওয়া হচ্ছে।