সাড়ে তিন কেজি হেরোইন ও গাঁজাসহ ছয়জন গ্রেপ্তার
৪৩ কেজি গাঁজা ও সাড়ে তিন কেজি হেরোইনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এর মধ্যে গতকাল রোববার নারায়ণগঞ্জের টানবাজার সুইপার কলোনি থেকে র্যাব ২-এর সদস্যরা ৪২ কেজি গাঁজা ও দুই কেজি হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেন। শনিবার রাতে রাজধানীর খিলগাঁও থেকে ডিবি পুলিশ দেড় কেজি হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করে।র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন: রুবেল (২২), রাজিব (১৮), সাগর (২০) ও তাঁর ছোট ভাই লাল মোহাম্মদ (৩৫)। এসব মাদক উদ্ধারের পর গতকাল দুপুরে র্যাব-২-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-২-এর উপপরিচালক মেজর এরশাদুল হক জানান, গ্রেপ্তার হওয়া যুবকেরা জানিয়েছেন, উদ্ধার করা মাদক ভারত থেকে কুমিল্লা সীমান্ত দিয়ে নারায়ণগঞ্জে এসে সেখান থেকে পাইকারি ও খুচরা বাজারে চলে যায়। যেখান থেকে মাদকগুলো উদ্ধার করা হয়, সেটি মাদক ব্যবসায়ী রঙিলা মহারাজের আস্তানা বলে র্যাব জানায়। তবে মহারাজকে র্যাব এখনো গ্রেপ্তার করতে পারেনি।গ্রেপ্তার হওয়া রুবেল ও রাজিব র্যাব হেফাজতে প্রথম আলোকে বলেন, টানবাজার কলোনিতেই মহারাজের মতো মাদকের আরও তিনজন বড় ব্যবসায়ী আছেন। এঁরা হলেন মহাদেব, জুয়েল ও প্রতিমা। এঁরা ভারত থেকে মাদক এনে নারায়ণগঞ্জে খুচরা ও পাইকারি বিক্রি করেন।রাজিব বলেন, তিনি নিজে মহারাজের অধীনে কাজ করেন। তাঁদের কাজ হলো ভারত থেকে আনা গাঁজার প্যাকেট ভেঙে ছোট পুরিয়া তৈরি করা। প্রতিদিন তাঁদের ৫০০ টাকা মজুরি দেওয়া হয়। এক প্যাকেট (এক কেজি) গাঁজা থেকে ৫০০ পুরিয়া তৈরি করা হয়। প্রতিটি পুরিয়া বিক্রি হয় ১০ টাকা করে।রাজিব আরও জানান, হেরোইনের পুরিয়া তৈরির জন্য রয়েছে আলাদা লোক। প্রতিটি হেরোইনের পুরিয়া বিক্রি হয় ৯০ টাকা করে।র্যাব কর্মকর্তারা জানান, সাধারণত পাচারকারীরা অনেক ধরনের পণ্যের সঙ্গে এগুলোও চোরাইপথে নিয়ে আসে। এসব প্যাকেটে থাকে বিশেষ ধরনের চিহ্ন।র্যাব কর্মকর্তা মেজর এরশাদুল হক জানান, প্যাকেটের ওপর চিহ্ন এক ধরনের সংকেত। এটি হেরোইনের মানসহ বেশ কিছু বিষয় নির্দেশ করে।ডিবির অভিযান: এদিকে পৃথক অভিযানে ডিবি রোববার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে থেকে ইকবাল হোসেন ও কামালকে গ্রেপ্তার করে। তাঁরা দুজনেই পেশাদার মাদক ব্যবসায়ী বলে ডিবি পুলিশ জানিয়েছে।