সাড়ে তিন কোটি টাকা নিয়ে প্রতিষ্ঠান উধাও?
প্রতি লাখে মাসে দুই হাজার টাকা লাভের প্রলোভন দেখানো হয়। প্রলোভনে পড়ে অনেকেই ব্যাংকে জমা করা টাকা তুলে, জমি-সোনা বিক্রি করে জমা রাখেন রায়পুর উপজেলার সেবা বন্ধন কল্যাণ সোসাইটি (সেবক), কারিমিয়া কমার্স অ্যান্ড ফাইন্যান্স ও শাপলা মাল্টিপারপাসে। কিন্তু ছয় মাস ধরে গ্রাহকদের লাভের টাকা দেওয়া হচ্ছে না। আর মূল টাকা চেয়েও পাচ্ছেন না তাঁরা।
১০ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে শাপলা মাল্টিপারপাসের কার্যালয়ের সামনে ১৫-১৬ জন আমানতকারী জড়ো হন। এ সময় কার্যালয় তালাবদ্ধ দেখে তাঁরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন স্লোগান দেন।
প্রতিষ্ঠানগুলোর প্রধান মো. কামাল হোসাইন সাড়ে তিন কোটির বেশি টাকা আত্মসাৎ করে আত্মগোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেবক ও কারিমিয়া কমার্সের কার্যক্রম ছয় মাস আগে বন্ধ হয়ে গেছে। শাপলা মাল্টিপারপাসের কার্যালয়ও অধিকাংশ সময় বন্ধ থাকে।
জানা গেছে, সেবক ও কারিমিয়া কমার্স প্রায় পাঁচ বছর আগে শহরের লেংলা বাজারে শাখা কার্যালয় খোলে। তারা লোভনীয় প্রস্তাব দিয়ে গ্রাহকের কাছ থেকে স্থায়ী আমানত সংগ্রহ শুরু করে। এক বছর পর শাপলা মাল্টিপারপাস নামে আরও একটি কার্যালয় খোলা হয়। এ কার্যালয়েও একইভাবে গ্রাহকদের কাছ থেকে স্থায়ী আমানত সংগ্রহ করা হয়।
সেবকের কয়েকজন কর্মচারী জানান, গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে তাঁরা শাখার প্রধান কামাল হোসাইনের কাছে দিতেন। মাসের ৪-৫ তারিখে গ্রাহকদের মাসিক লাভের দেড় থেকে দুই হাজার টাকা করে দেওয়া হতো। ছয় মাস ধরে গ্রাহকদের লাভের টাকা দেওয়া বন্ধ রয়েছে। আর কামাল হোসাইন চলে গেছেন ঢাকায়। গ্রাহকেরা প্রতিদিন টাকার জন্য তাঁদের বাড়ি আসছেন। ঢাকায় গিয়ে কামালের সঙ্গে এ নিয়ে একাধিকবার বৈঠক করা হয়। তিনি টাকা দি-দিচ্ছি করে ছয় মাস ধরে তাঁদের ঘুরাচ্ছেন।
সূত্র জানায়, মাসিক লভ্যাংশের ভিত্তিতে পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা আমানত হিসেবে নেওয়া হয়। এর মধ্যে আবদুল মান্নানের ৩৫ লাখ টাকা, শহিদ উল্যার পাঁচ লাখ টাকা ও ফিরোজ আলমের দুই লাখ টাকা রয়েছে।
জানতে চাইলে শহিদ উল্যা বলেন, ‘আমার অবসর ভাতার টাকা এনে কারিমিয়ায় রাখি। টাকার জন্য প্রতিদিন আসছি। কিন্তু লাভ ও মূল টাকা—কোনোটাই দিচ্ছে না।’ আমানতকারী ফিরোজ আলম জানান, তিনি জমি বিক্রি করে দুই লাখ টাকা জমা রাখেন। পাঁচ-ছয় মাস পর এসে লভ্যাংশের টাকা নেন। কিন্তু এ মাসে এসে শুনতে পান কামাল টাকা নিয়ে উধাও হয়ে গেছেন।
এ ব্যাপারে কথা বলতে একাধিকবার কামাল হোসাইনের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি। তবে তাঁর বড় ভাই আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘কামাল গ্রাহকের কোনো টাকা মেরে খাননি। টাকাগুলো সেবক ও কারিমিয়ার ঢাকার প্রধান কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। তারা এখন টাকা ফেরত দিচ্ছে না। এ জন্য কামাল সংস্থার প্রধানের বিরুদ্ধে মামলা করেন। আমরা গ্রাহকের টাকা পরিশোধ করার চেষ্টা করছি।’
রায়পুর উপজেলা সমবায় কর্মকর্তা তপন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শুনেছি। প্রতারিত গ্রাহকেরা অভিযোগ করলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া আইন অনুযায়ী কোনো মাল্টিপারপাস কোম্পানি মাসিক লভ্যাংশের ভিত্তিতে গ্রাহকের কাছ থেকে টাকা নিতে পারে না।’
টাকা জমা করার সময় গ্রাহককে দেওয়া রসিদে ঢাকায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের ঠিকানা উল্লেখ রয়েছে। ঠিকানা অনুযায়ী, মতিঝিল বাণিজ্যিক এলাকার মডার্ন ম্যানশনে গিয়ে কারিমিয়া কমার্স অ্যান্ড ফাইন্যান্সের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তিন বছর আগে এখানে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ হয়ে যায় বলে ভবনের ব্যবস্থাপক জানান। একইভাবে পুরানা পল্টনের ইসলাম এম্পেয়ার এস্টেটে গিয়ে জানা যায়, এখানে সেবকের কার্যালয় দুই বছর আগে বন্ধ হয়ে গেছে।