সাড়ে তিন কোটি টাকার কাজ লটারিতে বন্টন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রায় সাড়ে তিন কোটি টাকার চারটি উন্নয়ন প্রকল্পের কাজ উন্মুক্ত দরপত্রে সর্বনিম্ন দরদাতাদের দেওয়া হয়নি। লটারির মাধ্যমে এসব কাজ বণ্টন করা হয়েছে। এতে গণ খাতে ক্রয়বিধি (পিপিআর) লঙ্ঘন হয়েছে উল্লেখ করে করপোরেশনের মেয়রকে অভিযোগপত্র দিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদারেরা।
করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, করপোরেশনের ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের সুলতান কলোনি থেকে বাইপাস সড়ক পর্যন্ত নর্দমার স্ল্যাব নির্মাণে (লট-৫) ব্যয় ধরা হয়েছে ৮১ লাখ ৮৩ হাজার টাকা। এ প্রকল্পের কাজ দেওয়া হয়েছে কেআই এন্টারপ্রাইজকে। তিন সর্বনিম্ন দরদাতার অন্যতম রিমি এন্টারপ্রাইজ গত ২১ জানুয়ারি মেয়রকে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে।
২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার সড়ক ও সংযোগ সেতু নির্মাণের কাজ পেয়েছে কেআই এন্টারপ্রাইজ। তিনটি সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়েই এই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। তৃতীয় সর্বনিম্ন দরদাতা রয়েল অ্যাসোসিয়েটসও গত ১৯ ডিসেম্বর এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছে। এই উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৮ লাখ টাকা।
এ ছাড়া ফিরোজ শাহ ১, ২, ৩, ৪ ও ৫ এবং পশ্চিম ফিরোজ শাহ লেন ১ ও আবদুল হামিদ সড়কের উন্নয়নকাজ (লট-১) দেওয়া হয়েছে শাহ জব্বারিয়া ট্রেডিংকে। সর্বনিম্ন দরদাতা রয়েল অ্যাসোসিয়েটস কাজ না পাওয়ায় ১৯ ডিসেম্বর অভিযোগ দিয়েছে। প্রকল্প ব্যয় ৮৭ লাখ টাকা।
এদিকে উত্তর পাঠানটুলী ওয়ার্ডের সুলতান কলোনি থেকে বাইপাস সড়ক পর্যন্ত নর্দমার ওপর স্ল্যাব নির্মাণের জন্য ৬ শতাংশ নিম্ন দরে দরপত্র দাখিল করে রয়েল অ্যাসোসিয়েটস। অন্য ৪৩টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে ৫ শতাংশ নিম্ন দরে। কিন্তু লটারির মাধ্যমে ৮৯ লাখ টাকার এই প্রকল্পের কাজ দেওয়া হয় জয় ট্রেডার্সকে।
করপোরেশন সূত্রে জানা যায়, করপোরেশনের ৪ ও ৫ নম্বর প্রকৌশল বিভাগের অধীনে ২৮টি উন্নয়ন প্রকল্পের দরপত্র জমা নেওয়া হয় গত বছরের ২৭ নভেম্বর। যাচাই-বাছাই শেষে দরপত্রের লটারি হয় গত ৮ ডিসেম্বর। লটারির মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে ১৮ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। রয়েল অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী দিদারুল আলম প্রথম আলোকে বলেন, ‘পিপিআর ২০০৬ ও ২০০৮-এর নিয়ম অনুযায়ী সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার কথা। এ ক্ষেত্রে শর্ত লঙ্ঘন করে এই প্রকল্পগুলোতে লটারি করা হয়েছে। ফলে সর্বনিম্ন দরদাতা হওয়া সত্বেও আমি কাজগুলো পাইনি।’
করপোরেশনের প্রধান প্রকৌশলী মোখতার আলম বলেন, যেসব প্রতিষ্ঠান দরপত্র বিজ্ঞপ্তির শর্ত পূরণ করেছে, তাদের লটারির মাধ্যমে কাজ দেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ দিলে বিষয়টি যাচাই-বাছাই করে দেখব।’