সাড়ে তিন কোটি টাকার সড়ক তিন মাসেই বেহাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাঁকাল এলাকায় ১ দশমিক ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণ শেষ হয়েছে মে মাসের শুরুর দিকে। এ সময়ের মধ্যে এ সড়কের অনেক স্থান নিচে বসে গেছে। একাধিক স্থানের পাথর উঠে গেছে। কোথাও কোথাও পিচ নেই। এই সড়ক যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সাতক্ষীরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, বাঁকাল এলাকায় ১ দশমিক ৮০০ কিলোমিটার সড়ক নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ৪৫০ মিটার দৈর্ঘ্যের চার ভাগে বিভক্ত এ কাজের প্রতিটি খণ্ডের জন্য ব্যয় ধরা হয় ৯২ লাখ টাকা। এ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয় গত বছরের ১২ অক্টোবর। কাজের দায়িত্ব পায় যশোরের চিত্রা কনস্ট্রাকশন, সাতক্ষীরার বসু ট্রেডার্স, মিজান এন্টারপ্রাইজ ও মেসার্স আনছার আলী কনস্ট্রাকশন ফার্ম। সওজের সাতক্ষীরার কার্য সহকারী নূরুল আমিন গতকাল প্রথম আলোকে বলেন, চিত্রা কনস্ট্রাকশনের মালিক দিলীপ দাস, বসু ট্রেডার্সের মালিক কল্যাণ বসু ও ফিরোজ আহমেদ, মিজান এন্টারপ্রাইজের পক্ষে এ বি এম মোস্তাকিম ও মেসার্স আনছার আলী কনস্ট্রাকশনের পক্ষে বাবু পাটোয়ারী কাজ করেছেন। ৬০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও কাজ শুরু করা হয় গত জানুয়ারি মাসে। কাজ শেষ হয় মে মাসের প্রথম দিকে। গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, জেলার ব্যস্ত এ সড়কের একাধিক স্থানে পাথর উঠে গেছে। অনেক স্থান বসে গেছে। আবার অনেক স্থানে উঁচু-নিচু। কয়েকটি স্থান থেকে পাথর তুলে ফেলছেন শ্রমিকেরা। আবার কোথাও নতুন করে পাথর ফেলা হচ্ছে। পিচ দেওয়া হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, সড়ক নির্মাণের সময় প্রথমে যে বালু দেওয়া হয়, তা মানসমঞ্চত ছিল না। বালুর ওপর সঠিকভাবে রোলার করা হয়নি। সড়কের ভিতও যথাযথভাবে হয়নি। এ ছাড়া কার্পেটিংয়েও ত্রুটি ছিল। পিচের পরিমাণ কম দেওয়া হয়েছে। ভোমরা বন্দরের সঙ্গে যোগাযোগের জন্য এ সড়কই একমাত্র ভরসা। এ ছাড়া এ সড়ক দিয়ে যানবাহন ঢাকা, খুলনা ও যশোর যায়।গতকাল এ সড়কে কথা হয় বাসচালক আবদুর রহমান, পিকআপ ভ্যানচালক মোমিনুর রহমান, মোটরসাইকেলের চালক হোসেন আলীর সঙ্গে। তাঁরা সবাই ক্ষোভের সঙ্গে বলেন, এ সড়কে প্রায় পাঁচ-ছয় মাস সীমাহীন অসুবিধার মধ্যে চলতে হয়েছে। কাজ শেষ হয়েছে তিন মাস পার হয়েছে। এর মধ্যে সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক থেকে পাথর তুলে ফেলার কাজে নিয়োজিত শ্রমিক আলতাফ মোল্যা ও নাজির মণ্ডল বলেন, কাজ ঠিকমতো না করলে যা হয়। ঠিকমতো পিচ দেয়নি। বালুর সঙ্গে দিয়েছে মাটি। সড়ক বসে গিয়ে যান চলাচলের অসুবিধার সত্যতা স্বীকার করে বসু টেডার্সের মালিক কল্যাণ বসু বলেন, সওজের সরবরাহ করা বালু ও খোয়া দিয়ে প্রথমে ভিত করা হয়। ওই ভিত দুর্বল হয়েছে। বালু ও খোয়া ভালো ছিল না। এ কারণে সড়ক বসে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, কাজ করার সময় প্রকৌশলী আলী নূর আহমেঞ্চদ ও জাহাঙ্গীর আলম তদারকিতে ছিলেন। কাজ নষ্ট হলে এর দায়দায়িত্ব তাঁদের ওপরও বর্তায়। যশোর চিত্রা কনস্ট্রাকশনের শ্রমিক সরদার আবুল কাসেম বলেন, ২০ টনের স্থলে ৪০-৫০ টনের ১০ চাকার গাড়ি চললে সড়ক থাকবে কী করে! একাধিকবার যোগাযোগের চেষ্টা করে এ বি এম মোস্তাকিন ও বাবু পাটোয়ারীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।কাজের মান ভালো হয়েছে দাবি করে সাতক্ষীরা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, বৃষ্টি ও মাটির সমস্যার কারণে অনেক সময় এ ধরনের সমস্যা হয়। এ সময়ের মধ্যে বাবু পটোয়ারীর অংশের সড়ক মেরামত করার পর সমস্যা অনেকটা দূর হয়েছে। দিলীপ দাস ও কল্যাণ বসুও মেরামতের কাজ করছেন। এ বি এম মোস্তাকিমকেও মেরামতের কথা বলা হয়েছে। তবে রোদ না হলে সম্পূর্ণ মেরামত করা সম্ভব হবে না। সাতক্ষীরা প্রেসক্লাবে গত শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক মতবিনিময়ের জন্য গেলে সাংবাদিকদের পাশাপাশি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকাত হোসেনও মন্ত্রীর কাছে ওই বেহাল সড়কের ব্যাপারে অভিযোগ করেন। মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।