সাড়ে তিন ঘণ্টায় ৩০০ রোগী দেখেন চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের মনষাতলী গ্রামের দেবা বেগমের আড়াই মাস বয়সী মেয়ে টিনার জ্বর হয়েছে। চিকিৎসার জন্য তিনি বরগুনা জেনারেল হাসপাতালে আসেন সকাল ৯টার দিকে। আড়াই ঘণ্টা অপেক্ষার পর হাসপাতালের কমিউনিটি চিকিৎসক আবদুর রহমানের সাক্ষাৎ পান। বাচ্চার রোগ কী—জানতে চান চিকিৎসক। দেবা বেগম শুধু ‘জ্বর’ উচ্চারণ করতেই তাঁকে থামিয়ে দিয়ে চিকিৎসক বলেন, ‘জ্বর তো।’ এরপর তিনি ব্যবস্থাপত্র লিখে দিয়ে বিদায় করেন তাঁকে।

দেবা বেগম বলেন, ‘ডাক্তারের লগে আমার বাচ্চার কয়েক দিন ধরে জ্বর কওনের পর আর কোনো কিছুই হে হোনে নায়, হ্যারপর প্রিসক্রিপশন (ব্যবস্থাপত্র) হাতে ধরাইয়্যা দেছে। বাচ্চার সমস্যার কথা তো কইতেই পারলাম না। এই রহম রোগী দেইখ্যা ওষুধ দেলে রোগ ভালো অইবে ক্যামনে?’

গত বুধবার সকালে বরগুনা জেনারেল হাসপাতালে আসা রোগীদের চোখেমুখে ফুটে ওঠে দেবা বেগমের মতোই অসন্তোষ।

দেবা বেগমের মতো অন্য রোগীদের অভিযোগের বিষয়ে ভিন্নমত পোষণ করেননি চিকিৎসক আবদুর রহমানও। তিনি প্রথম আলোকে বলেন, ‘রোগীদের সঙ্গে সময় নিয়ে কথা বলতে হয়। কিন্তু কীভাবে বলব। একজন চিকিৎসককে যদি প্রতিদিন ৩০০-৩৫০ রোগী দেখতে হয় তাহলে এটা কী করে সম্ভব।’

জানা গেছে, হাসপাতালটি ১০০ শয্যার। ২০১২ সালে এটি ২৫০ শয্যায় উন্নীত করা হয়। তিন বছর আগে এখানে ২৫০ শয্যার জন্য নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়ে তা এখনো চলছে। এ জেলার অন্যান্য উপজেলার বাসিন্দারা এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

হাসপাতালে চিকিৎসকের পদ আছে ৪২টি। কিন্তু কর্মরত আছেন মাত্র ছয়জন। আর পদ খালি রয়েছে ৩৬টি। হাসপাতালের বহির্বিভাগের রেজিস্ট্রারেরতথ্য অনুযায়ী, গত বুধবার বহির্বিভাগে রোগী দেখেছেন মাত্র একজন চিকিৎসক। তিনি ৩০০ জনকে চিকিৎসা দেন।

সকাল ৯টা থেকে চিকিৎসা দেওয়া শুরু করা হয় বলা হলেও বুধবার ১০টায় চিকিৎসা শুরু হয়। আর রোগী দেখা শেষ হয় বেলা দেড়টার দিকে। এ কথা জানিয়েছেন রোগীরা।

স্থানীয় বাসিন্দা অনেকের অভিযোগ, হাসপাতালে সকাল ১০টার আগে কোনো চিকিৎসক আসেন না। আবার দুপুর ১২টার পর কেউ থাকেন না। প্রতিদিন এক থেকে দুজনের বেশি চিকিৎসক পাওয়া যায় না।

বুধবার দুপুর পৌনে ১২টার সময় কমিউনিটি চিকিৎসক আবদুর রহমান ছাড়া বহির্বিভাগে আর কোনো চিকিৎসককে চিকিৎসা দিতে দেখা যায়নি। তবে জরুরি বিভাগে ছিলেন কমলেশ চন্দ্র নামে অপর এক চিকিৎসক।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু চিকিৎসক-সংকটই নয়, হাসপাতালের আলট্রাসনোগ্রাফি যন্ত্র থাকলেও পরিচালনার জন্য যিনি ছিলেন তিনি অসুস্থ থাকায় এখন সেটিও বন্ধ রয়েছে। কনিষ্ঠ মেকানিক পদটি পূরণের জন্য অন্য উপজেলা বেতাগী থেকে প্রেষণে আনা হয় আরাফাত খোকন নামে একজনকে। বুধবার সকালে হাসপাতালে গিয়ে তাঁকেও পাওয়া যায়নি। তিনি বাইরে তাঁর অন্য ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় ঠিকমতো হাসপাতালে আসেন না বলে হাসপাতালের একটি সূত্র জানায়। ফলে হাসপাতালে বিদ্যুৎ ও পানি সরবরাহে অনেক সময় বিঘ্ন ঘটে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘ছয়জন চিকিৎসক নিয়ে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। এই ছয়জন দিয়ে জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং অন্তর্বিভাগের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে গড়ে ৪০০ রোগী দেখতে হচ্ছে। বিশেষ করে হাসপাতালের গাইনি বিভাগের কনিষ্ঠ ও জ্যেষ্ঠ বিশেষজ্ঞ (গাইনি) দুটি পদ থাকলেও তা শূন্য রয়েছে দীর্ঘদিন। ফলে প্রসূতি রোগীদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। প্রতিদিন অনেক প্রসূতিকে ফেরত পাঠাতে হচ্ছে। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিকিৎসক-সংকটের কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি।’