সাড়ে তিন বছর ধরে পানির পাম্প বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ শয্যাবিশিষ্ট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্পটি সাড়ে তিন বছর ধরে বিকল। ছোট দু-একটি অস্থায়ী পাম্প দিয়ে পুরো হাসপাতাল চত্বর এলাকায় যে পানি সরবরাহ করা হচ্ছে, তা পর্যাপ্ত নয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ও চিকিৎসকেরা বলেন, হাসপাতাল, আবাসিক চিকিৎসক ও কর্মচারীদের বাড়িতে পানি সরবরাহের জন্য পানির পাম্পটি ২০১২ সালের ৩০ মে পুড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। ফলে পুরো হাসপাতাল চত্বরে লোকাল লেভেল প্ল্যানিং (এলএলপি) উদ্যোগে ছোট দু-একটি অস্থায়ী পাম্প দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে, দ্বিতীয় তলার পুরুষ ও নারী ওয়ার্ডের অনেক রোগী ভর্তি আছে। আর রোগীর আত্মীয়স্বজন নিচে নেমে এসে টিউবওয়েল থেকে পানি নিয়ে যাচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন মোক্তার হোসেন (৩৫) বলেন, তাঁরা খাওয়ার পানি পাচ্ছেন না। এমনকি বাথরুমে যাওয়ার পানিও নেই। নারী ওয়ার্ডে রোগী আছিরন (৫০) বলেন, ১৭ দিন আগে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু এখানে খাওয়ার পানি নেই। ছয়-সাত দিন ধরে তিনি নিজেই নিচে নেমে পানি আনছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, হাসপাতাল চত্বরের আবাসিক ভবনে কোনোটিতে পানি সরবরাহ হচ্ছে আবার কোনোটিতে হচ্ছে না। ফলে চিকিৎসক ও কর্মচারীরা কষ্টের মধ্যে আছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোহাম্মদ বলেন, জরুরি ভিত্তিতে বৈদ্যুতিক পানির পাম্পটি পরিবর্তনের বা মেরামতের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রকৌশলীকে জানানো হয়। কিন্তু গত তিন বছরেও সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
গোলাম মোহাম্মদ বলেন, বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে। ছোট পাম্প বসিয়ে কোনো রকম হাসপাতালে পানি সরবরাহ করা হলেও হাসপাতাল চত্বর এলাকায় আবাসিক ভবনগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহ করা যাচ্ছে না। এতে আবাসিক ভবনের চিকিৎসকসহ কর্মচারীরা কষ্টের মধ্যে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মনি কুমার বর্মণ বলেন, তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। সংশ্লিষ্ট দপ্তরে পাম্পটি ঠিক করার জন্য টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জুনের মধ্যে এ পাম্পটি ঠিক হয়ে যাবে।