সাড়ে তিন বছর পর মুক্ত সাত নাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফোন করেই আমিনুল কান্নাকাটি করত। কষ্টের কথা জানিয়ে মিনতি করত তাঁকে ফিরিয়ে আনার। ইদানীং অবস্থাটা এমন দঁাড়িয়েছিল যে সোমালিয়া থেকে ছেলের ফোন এসেছে শুনলে ওর মা সহজে ফোন ধরত না।’
আমিনুল ইসলামের বাবা-মায়ের সে দুঃস্বপ্নের অবসান ঘটেছে৷ সোমালিয়ার দুর্ধর্ষ জলদস্যুদের কবল েথকে মুক্তি পেয়েছেন ছেলে৷ এখনো ঘরে না ফিরলেও রয়েছে নিরাপদেই পাশের দেশ কেনিয়ায়৷
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে মুঠোফোনে এসব জানালেন জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া এমভি আলবেদোর ডেক ক্যাডেট আমিনুল ইসলামের বাবা নুরুল ইসলাম। মেরিন একাডেমির এই কর্মচারী জানালেন, গতকাল সন্ধ্যায় কেনিয়া পৌঁছে অবশেষে মায়ের সঙ্গে কথা বলেছেন আমিনুল।
প্রায় সাড়ে তিন বছর পর গতকাল জলদস্যুর কবল থেকে মুক্তি পান বাংলাদেশের সাত নাবিক। ২৫ বছরের তরুণ আমিনুল তাঁদেরই একজন৷
মুক্তি পাওয়ার পর সাত বাংলাদেশি নাবিককে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) একটি বিশেষ বিমানে কেনিয়ার রাজধানী নাইরোবিতে নেওয়া হয়েছে। ইউএনওডিসি এবং লন্ডনভিত্তিক সামুদ্রিক দস্যুতা ও মানবিক সহায়তা কর্মসূচির (এমপিএইচআরপি) সহযোগিতায় তাঁদের জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়৷ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র তৈরির পর তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাত বাংলাদেশি নাবিক সুস্থ রয়েছেন। কেনিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের একটি হোটেলে রাখা হয়েছে।
আমিনুল ছাড়া জলদস্যুর কবল থেকে উদ্ধার হওয়া অন্য বাংলাদেশি নাবকেরা হলেন গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, জাকির হোসেন, আবুল কাশেম সরদার, লিমন সরকার ও নুরুল হক। তাঁদের সঙ্গে মুক্তি পেয়েছেন শ্রীলঙ্কার দুজন এবং ভারত ও ইরানের একজন করে নাবিক।
যুক্তরাজ্যের দি টেলিগ্রাফ পত্রিকার গতকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ভোরে জলদস্যুদের কয়েকজনের সহায়তায় অপহৃত ১১ নাবিক পালিয়ে আসার পর উপকূলের কাছে একটি গ্রামে আশ্রয় নেন। পরে তাঁদের দস্যুদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত হোবিও বন্দরের কাছে একটি বাড়িতে নেওয়া হয়। এরপর পাঠানো হয় নাইরোবিতে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ২০১০ সালের ২৬ নভেম্বর সোমালিয়ার উপকূল থেকে ৯০০ মাইল দূরে অপহরণ করা হয় মালয়েশিয়ার পণ্যবাহী জাহাজ এম ভি আলবেদো। সংযুক্ত আরব আমিরাত থেকে কেনিয়া যাওয়ার পথে অপহৃত জাহাজটিতে বাংলাদেশের সাতজনসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইরানের ২৩ জন নাবিক ছিলেন। ২০১৩ সালের জুলাইতে জাহাজটি ডুবে গেলে শ্রীলঙ্কার চারজন ও ভারতের একজন নাগরিক মারা যান। অপহৃত ১৮ নািবককে অন্য একটি জাহাজে সরিয়ে নেয় দস্যুরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামুদ্রিক দস্যুতা ও মানবিক সহায়তা কর্মসূচির (এমপিএইচআরপি) মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে পেরেছিল অপহৃত সাত বাংলাদেশি নাবিক জীবিত রয়েছেন। জাহাজটি মালয়েশিয়ার মালিকানাধীন বলে সে দেশের সরকারকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। বেশ কয়েক দফা বৈঠক ও যোগাযোগের পর সরকার জানতে পারে জাহাজটিকে এর কর্তৃপক্ষ এনরিচ শিপিং পরিত্যক্ত ঘোষণা করেছে। ১৯৯৩ সালে নির্মিত এমভি আলবেদো নিয়মিত রক্ষণাবেক্ষণ না করাতেই ডুবে যায়। অপহৃত নাবিকদের মুক্তির জন্য এমপিএইচআরপির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে বাংলাদেশ। ২০১৩ সালের মার্চে এমপিএইচআরপির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসে।