সাতক্ষীরার দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক শহিদ স ম আলাউদ্দিন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ সাড়ে তিন বছর পর শুরু হয়েছে। নিহত আলাউদ্দিনের মেয়ে লায়লা পারভীন সেঁজুতি গতকাল মঙ্গলবার আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন।
১৯৯৬ সালের ১৯ জুন রাত ১০টার দিকে দৈনিক পত্রদূত অফিসে কর্মরত অবস্থায় দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিন। মামলার বিচার উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন স্থগিত থাকে। উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হলে ২০১২ সালে সাতক্ষীরার দায়রা জজ আদালতে মামলাটির বিচার শুরু হয়। ৩৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ হয় প্রায় সাড়ে তিন বছর আগে।
লায়লা পারভীন সেঁজুতির সাক্ষ্য দেওয়ার পর গতকাল আসামিপক্ষ সময় প্রার্থনা করলে সাতক্ষীরার জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার মো. আমিরুল ইসলাম সময় মঞ্জুর করে ২৭ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করেন।
আদালতের সরকারি কৌঁসুলি আবদুল গণি জানান, প্রায় সাড়ে তিন বছর সাক্ষ্য দিতে কেউ আদালতে আসেননি। লায়লা পারভীন ১৭তম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন।