মহাজোট সরকারের সাড়ে তিন বছর পার হলেও বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির (বার্ড) পরিচালনা পর্ষদের একটি সভাও হয়নি। নিয়মানুযায়ী প্রতিবছর কমপক্ষে একটি সভা হওয়ার কথা। কিন্তু ২০০৮ সালের ৩০ নভেম্বরের পর আর কোনো সভা হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে নতুন প্রকল্প গ্রহণসহ সার্বিক কার্যক্রম পর্যালোচনার বিষয়টি থেমে আছে। বার্ডের সূত্রগুলো জানায়, ১৯৫৯ সালের ২৭ মে বার্ডের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বার্ড পরিচালনা পর্ষদের ৬৮টি সভা হয়। সর্বশেষ সভা হয় ২০০৮ সালের ৩০ নভেম্বর। গত ২৭ মে বার্ডের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সেমিনারে বার্ড পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় সাংসদ নাছিমুল আলম চৌধুরীসহ একাধিক কর্মকর্তা সভা না হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১০ সালের ৬ এপ্রিল বার্ডের তৎকালীন মহাপরিচালক মো. আতাউর রহমান পরিচালনা পর্ষদের ৬৯তম সভা ডাকার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেন। এরই পরিপ্রেক্ষিতে ওই বছরের ৩ আগস্ট দুপুর ১২টায় বার্ডের কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হয়। কিন্তু হঠাৎ করেই অনিবার্য কারণে ওই সভা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে ১১ আগস্ট পুনরায় ওই সভার স্থান, তারিখ ও সময় নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে আবেদন করে বার্ড কর্তৃপক্ষ। কিন্তু ওই চিঠির কোনো জবাব দীর্ঘ সময়েও মেলেনি। সর্বশেষ গত ২০ মে বার্ডের বর্তমান ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেম মন্ত্রণালয়ে আরও একটি চিঠি দেন। ওই চিঠির জবাব এখনো পাওয়া যায়নি। সব মিলিয়ে মহাজোট সরকারের আমলে বার্ডের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের কোনো সভা হয়নি। বার্ডের সব কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন ও কাজের দিকনির্দেশনা দেয় পরিচালনা পর্ষদ। বার্ডের কর্মকর্তারা জানান, পরিচালনা পর্ষদের সভা না হওয়ার কারণে ঝুলে আছে গবেষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মানী বৃদ্ধি, বাজেট বিভাজন পর্যালোচনা এবং একাডেমির গবেষণা, প্রশিক্ষণ ও নতুন প্রকল্প নেওয়ার বিষয়টিও। একই সঙ্গে বার্ডের প্রতিষ্ঠাতা আখতার হামিদ খানের স্মৃতিবিজড়িত বাসগৃহ ‘রানীর কুঠি’র প্রসঙ্গ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টিও সুরাহা হচ্ছে না। নথিপত্র ঘেঁটে জানা গেছে, বার্ডের ২১ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ রয়েছে। এর মধ্যে সভাপতি হলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সহসভাপতি পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এবং সদস্যসচিব বার্ডের মহাপরিচালক। ২১ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও রয়েছেন। তা ছাড়া সরকার কর্তৃক মনোনীত চারজন ব্যক্তি রয়েছেন। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালের ২ মার্চ চার ব্যক্তিকে পরিচালনা পর্ষদের সদস্য নিযুক্ত করা হয়। তাঁরা হলেন, কুমিল্লা-১০ আসনের সাংসদ আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত। রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি অধ্যাদেশ ১৯৮৬-এর ৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়। পরিচালনা পর্ষদের সদস্য সাংসদ নাছিমুল আলম চৌধুরী বলেন, ‘আগামী এক মাসের মধ্যে যেকোনো সময়ে বার্ড পরিচালনা পর্ষদের সভা হবে। দীর্ঘ সময়ে সভা না হওয়ায় নতুন প্রকল্প গ্রহণ করা যাচ্ছে না।’ বার্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেম বলেন, ‘গত সাড়ে তিন বছরে পরিচালনা পর্ষদের কোনো সভা হয়নি। নিয়মিত সভা হলে প্রকল্প ও প্রস্তাবনা বাস্তবায়নে আরও দিকনির্দেশনা আসত। ইতিমধ্যে সভা করার জন্য সচিব মহোদয়ের কাছে চিঠি দেওয়া হয়েছে। আশা করি, শিগগিরই সভা হবে।’