সাড়ে তিন বছরে কাজ হয়েছে মাত্র আট ভাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের কাজ সাড়ে তিন বছরেও শেষ হয়নি। এই সময়ের মধ্যে কাজ হয়েছে মাত্র আট ভাগ। স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেছেন, ঠিকাদার একজন প্রভাবশালীর আত্মীয় হওয়ায় ইচ্ছেমতো কাজ করছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে ২০০৮ সালে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় ধরে দরপত্র আহ্বান করা হয়। এতে বরিশালের বটতলা এলাকার মেসার্স নূরী এন্টারপ্রাইজ পাঁচ কোটি ২০ লাখ ৬৪ হাজার ৬৪৯ টাকায় কাজটি পায়। ২০০৮ সালের ২৫ জুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়, সময়সীমা ছিল ১৮ মাস। ঠিকাদার প্রতিষ্ঠান ওই বছরের ২৮ আগস্ট কাজ শুরু করে। সরেজমিনে দেখা যায়, কাজ বন্ধ হয়ে আছে। পাওয়া যায়নি কোনো শ্রমিককে। জালাল উদ্দিন নামে একজন জানান, তিনি ঠিকাদারের ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন। কাজ বন্ধ কেন জানতে চাইলে তিনি কোনো কথা বলতে চাননি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনগুলোর কাজ শেষ করার জন্য একাধিকবার ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। তারা বিষয়টি আমলে নিচ্ছে না। পুরোনো ৩১ শয্যার ভবনটি খুবই বেহাল। পলেস্তারা খসে পড়ছে। কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির বলেন, ঠিকাদার একজন প্রভাবশালীর ভাই। এ কারণে তিনি ইচ্ছেমতো কাজ করছেন। আওয়ামী লীগের স্থানীয় সাংসদ অধ্যক্ষ শাহ্ আলম বলেন, কাজ শেষ করার বিষয়ে ঠিকাদারের সঙ্গে কথা বললে তিনি কিছু মালপত্র এনে কাজ করেন, আবার তা বন্ধ রাখেন।ঠিকাদারি প্রতিষ্ঠান নূরী এন্টারপ্রাইজের মালিক নাছির উদ্দিন জানান, তহবিল সংকট থাকায় কাজে একটু বিলম্ব হয়েছে, সংকট কেটে গেছে। এখন দ্রুত সময়ে কাজটি শেষ করার চেষ্টা করবেন তিনি।পিরোজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী বজলুর রহমান খান জানান, কাজের সময়সীমা ছিল ১৮ মাস যা অনেক আগে শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত আট ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তাদের কাজ শেষ করার জন্য তাগিদ দেওয়া হয়েছে।