গত সাড়ে তিন বছরে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় নদীভাঙন রোধ ও অবকাঠামো উন্নয়নে প্রায় ছয় শ কোটি টাকার কাজ করেছে সরকার। বর্তমানে আরও সাড়ে ১২ শ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এর মধ্যে মেঘনার নদীভাঙন রোধে ১ হাজার ৩ শ কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে কমলনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থানীয় সাংসদ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এসব তথ্য জানান।
লিখিত বক্তব্যে সাংসদ বলেন, নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের ১ম পর্যায়ে দুই শ কোটি টাকার কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ শিগগিরই শুরু হবে।
এ দুই উপজেলায় চরাঞ্চলের ৭০ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ-সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন সাংসদ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, কমলনগর উপজেলা ১৪ দলীয় ঐক্যজোটের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।